মানববন্ধেন চলচ্চিত্রশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববন্ধনে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা
মানববন্ধনে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা

ভারতীয় ছবি আমদানি ও প্রদর্শনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন চলচ্চিত্রশিল্পীরা। অংশ নিলেন মানববন্ধনে। গতকাল দুপুরের খানিক আগে বিএফডিসির সামনের রাস্তায় জড়ো হন চলচ্চিত্রশিল্পী, পরিচালক ও কলাকুশলীরা।
এ সময় উপস্থিত ছিলেন শাকিব খান, রুবেল, অমিত হাসান, ওমর সানী, জায়েদ খান, এ টি এম শামসুজ্জামান, নিরব, ইমন, শাহনূর ও নাসরিনের মতো চলচ্চিত্রশিল্পীর। পরিচালকদের মধ্যে ছিলেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, দেলোয়ার জাহান ঝন্টু, মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ, রকিবুল আলম রকিব, গাজী মাহবুব, শাহিন সুমনসহ অনেকেই। মানববন্ধনের সময় তারকাদের দেখতে রাস্তায় ভিড় করেন পথচারীরা। মানববন্ধনের পরে বিএফডিসি চত্বরে ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’-এর ব্যানারে একটি সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
আগামী শুক্রবার থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে ভারতীয় ছবি ওয়ান্টেড প্রদর্শনের কথা চলছে। আরও তিনটি ভারতীয় ছবি প্রদর্শনের অপেক্ষায় রয়েছে। এ দেশের চলচ্চিত্রশিল্পকে ধ্বংস করার জন্য ভারতীয় ছবি আমদানি করা হচ্ছে বলে মতামত দেন বক্তারা। মানববন্ধন প্রসঙ্গে অভিনেতা শাকিব খান বলেন,‘অশ্লীলতার সেই অন্ধকার সময় কাটিয়ে উঠে যখন চলচ্চিত্রশিল্প আলোর মুখ দেখছে, তখনই একটা মহল উঠেপড়ে লেগেছে এটি ধ্বংস করতে, যা কোনোভাবেই কাম্য নয়। যেকোনো মূল্যে বাইরের ছবি আমদানি প্রতিহত করব আমরা।’
এদিকে ভারতীয় ছবি প্রদর্শনের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। আজও তাঁদের নানা ধরনের কর্মসূচি রয়েছে।