মানবমুক্তির স্বপ্নের আখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, কিন্তু প্রচলিত ধারায় তাতে কোনো প্রধান ও অপ্রধান চরিত্র বলে কিছু নেই। মানব অস্তিত্ব ও মুক্তির স্বপ্নকে ঘিরে একজন বিশ্ব-অভিযাত্রীর মনস্তাত্ত্বিক ভ্রমণকে বিষয়বস্তু করে দ্য কমিউনিকেটর নাটকটি দাঁড়িয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, অভিনেতাদের সঙ্গে কখনো কখনো দর্শকও এতে বিশেষ ভূমিকায় উঠে এসেছে। নাটকে তুলে ধরা হয়েছে মানুষের মস্তিষ্কের অস্থিরতার প্রতিফলন ও চিন্তার ঝড়। ফলে এই অভিনয়ের কোনো শুরু নেই আবার শেষও নেই। আবার সে অর্থে কোনো সমাধান বা সমাপ্তিও নেই। সব মিলিয়েই পরিবেশনাটি ছিল ব্যতিক্রমধর্মী।সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) এই নাটকের প্রদর্শনী হয়েছে গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। দ্য কমিউনিকেটর নাটকটি লিখেছেন ইয়াসমিনকা মারকোভোস্কা। বাংলা রূপান্তর করেছেন রায়হান আখতার। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল গত বছরের নভেম্বরে ইবসেন আন্তর্জাতিক উৎসবে। নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন।পুরো নাটকে একজন ‘কমিউনিকেটর’ মঞ্চে যেন সবার বোধ আর অস্তিত্বের সঙ্গে যোগাযোগ করে যান। কমিউনিকেটর নিজেকে সংস্কৃতি-মানব হিসেবে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে। সবাইকে সংস্কৃতি উপহারের প্রতিশ্রুতি দিয়ে যান তিনি।দ্য কমিউনিকেটর নাটকটিকে প্রচলিত অর্থে নাটক নয় বলছেন স্বয়ং নির্দেশক। তাঁর ভাষায়, ‘নাটক নয়, একে পারফর্মেন্স বলাটাই ভালো।’ দ্য কমিউনিকেটর-এর মধ্য দিয়ে নির্দেশক সামাজিক আচার, সুর, সংলাপ, আবৃত্তি, নৃত্য, অঙ্গ সঞ্চালন, পুতুলনাচ, জাদু, সার্কাস, স্থাপনা ও মাল্টিমিডিয়ার সমন্বয় করেছেন। নির্দেশক একে একটি নতুন শৈল্পিক প্রকাশ বলে মন্তব্য করেছেন। যেখানে কোনো অঙ্ক, দৃশ্য, ইউনিট, উপাখ্যান নেই; এমনকি সময়কালের ধরাবাঁধা নিয়মও নেই।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদাত হোসেইন, আবুল কালাম, সাবিনা সুলতানা, মেসবাউল করিম, রহমতুল্লাহ্, শিপ্রা দাস, রত্না আক্তার, মর্জিনা মুনা, ফরহাদুল আমিন, সজীব রহমান, তানিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান‘প্রতিদিন হাজার রঙের ভিড়ে লাল-সবুজের বীজ বুনে যাই’ স্লোগান নিয়ে চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে।গতকাল বুধবার বিকেলে এই অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা। এরপর বহ্নিশিখার শিল্পীদের পরিবেশিত ‘এই উজ্জ্বল দিন আসে স্বপ্নে রঙিন’ গানটি দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়।সুলতানা হায়দারের নির্দেশনায় সুকন্যা নৃত্যাঙ্গনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। ক্রান্তি শিল্পীগোষ্ঠী, আনন্দন ও পঞ্চভাস্করের শিল্পীরা গানের সুরে মাতিয়ে তোলেন শ্রোতাদের। ‘ও আমার দেশের মাটি’ শিরোনামে স্রোত আবৃত্তি সংসদ পরিবেশন করে বৃন্দ আবৃত্তি। ‘দিন চলে যায়, মাস চলে যায়/ বাবা-মা খবর পায়/ খানসেনাদের সঙ্গে লড়ছে, কিশোর সোনারগাঁয়’ কবিতার এসব পঙিক্ত শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। সব শেষে ছিল পথনাটক খেঁকশিয়াল। মান্নান হীরার রচনা ও নির্দেশনায় আরণ্যক নাট্যদলের এই নাটকে উঠে আসে একাত্তরে যুদ্ধাপরাধীদের ভূমিকা। নাটক শেষে রব ওঠে, ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’। আয়োজন সমন্বয় করেন মানজারুল ইসলাম চৌধুরী।খুলনার লাক্স-চ্যানেল আই সুপারস্টারআমাদের খুলনা প্রতিনিধি জানান, লাক্স-চ্যানেল আই সুপারস্টার খুলনার অডিশন-পর্ব গতকাল বুধবার নগরের খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৪৮০ জন প্রতিযোগীর মধ্যে খুলনা থেকে ইয়েস কার্ড পেয়েছেন ১০ জন। তাঁরা হলেন ফারজানা আক্তার, ফারজানা ইসলাম, শারমিন জাহান, মুশফিকা ইফফাত, তানিয়া সুলতানা, রক্তিমা মল্লিক, টুম্পা, মৌসুমি হামিদ, সায়মা হাসান ও সানজিদা আফরোজ।বেঙ্গল শিল্পালয়ে আজ ‘প্রাণের খেলা’ আজ বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হবে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। এবারের অনুষ্ঠানে আধুনিক বাংলা গান ও নজরুলসংগীত পরিবেশন করবেন শিল্পী সুজিত মোস্তফা ও শিমু রানী দে।