মানবিক মহিমায় দীপ্ত চণ্ডালিকা
জাতিভেদের বিরুদ্ধে এক নান্দনিক বিদ্রোহ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা। দেশে দেশে যখন চারদিকে হানাহানি, সংঘাত আর নানা অপশক্তির প্রভাব, বিভেদ-বৈষম্যে মনুষ্যত্বের চরম অবমূল্যায়ন তখন গীতিনাট্য চণ্ডালিকা প্রতিবাদের ভাষায় কথা বলল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। তুলে ধরল মানবিক মূল্যবোধের মহিমা। রবীন্দ্রপ্রয়াণ স্মরণানুষ্ঠানে নাচের সংগঠন নৃত্যনন্দন পরিবেশন করল নৃত্যনাট্যটি। অনুষ্ঠানে আরও ছিল রবীন্দ্রনাথের গান, কবিতা এবং তাঁকে নিয়ে আলোচনা। গত শুক্রবার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমী আয়োজন করে স্মরণ অনুষ্ঠান। প্রথম পর্বে রবীন্দ্রনাথ ও তাঁর সৃষ্টি নিয়ে আলোচনা করেন অধ্যাপক হায়াৎ মামুদ। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৃত্যনাট্য চণ্ডালিকা। নৃত্যনন্দন পরিবেশিত নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অস্পৃশ্য শ্রেণীর ‘প্রকৃতি’ নামের এক তরুণীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নৃত্যনাট্য চণ্ডালিকার কাহিনি। এই নৃত্যনাট্যে ধর্মের বৈষম্য, জাতপাতের ভেদ, অস্পৃশ্যতা—এ বিষয়গুলো তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে কবি সৃষ্টি করেছেন অস্পৃশ্য শ্রেণীর নারীর প্রতীকী চরিত্র ‘প্রকৃতি’ নামের এক তরুণীকে। সে অস্পৃশ্য। অন্য জাতের কাছে সে অচ্ছুত। একদিন কুয়োর থেকে পানি তোলার সময় এক বৌদ্ধ ভিক্ষু আনন্দ প্রকৃতির হাতে পানি পান করতে চাইলেন। প্রকৃতি অস্বীকার করেন। বুদ্ধ, শিষ্য ও করুণামন্ত্রের অনুগামী আনন্দ প্রকৃতিকে বলেন, যে মানব আমি, সে মানব তুমি। আনন্দ প্রকৃতিকে মানুষের তৃষ্ণা মেটানোর সম্মান দিলেন। এভাবে প্রকৃতির মধ্যে উঠে দাঁড়ানোর শক্তি জাগিয়ে তোলেন আনন্দ।গ্লাস ও সিরামিকস শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীবেঙ্গল গ্যালারিতে চলছে ‘সমকালীন নরওয়ের গ্লাস ও সিরামিকস’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী। এই প্রদর্শনীর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিরামিক বিভাগ, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং বাংলাদেশে রাজকীয় নরওয়ে দূতাবাসের আয়োজনে গতকাল থেকে তিন দিনব্যাপী একটি সিরামিক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটি পরিচালনা করছেন সফররত নরওয়ের শিল্পী লিন্ডা জনসন লোথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। সিরামিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষদের ডিন অধ্যাপক মতলুব আলী বক্তব্য দেন। লিন্ডা জনসন লোথে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন।জয়নুল গ্যালারিতে জাপানি শিল্পীর প্রদর্শনীজাপানের শিল্পী নারিকো নাইতোর একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। এটি শিল্পীর ১৭তম একক প্রদর্শনী। চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। এক মিনিটের চলচ্চিত্র উৎসবচিলড্রেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) আয়োজন করেছে ‘এক মিনিটের চলচ্চিত্র উৎসব।’ আগামীকাল মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে। সিটিএফবির উদ্যোগে অনুষ্ঠিত টেলিভিশন অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণবিষয়ক তিনটি কর্মশালায় নির্মিত ৫৪টি চলচ্চিত্র নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো থেকে সেরা গল্প, চিত্রনাট্য, নির্মাণ ও সেরা চলচ্চিত্র—এ চারটি বিভাগে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হবে।