মানবিকতা জাগ্রত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশালের ১৫তম দ্বিবার্ষিক সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আগত অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশালের ১৫তম দ্বিবার্ষিক সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আগত অতিথিরা l ছবি: প্রথম আলো

হিংসা, ধ্বংস ও নাশকতা বন্ধ করে মানবিকতা জাগ্রত হোক—এই প্রত্যাশা জানিয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখার ১৫তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার চল চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পরপরই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন নিখিল সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল সেন বলেন, ‘হরতাল-অবরোধে পেট্রলবোমা মেরে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, তাতে গোটা জাতি ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। এটাকে একাত্তর সালের ভয়বহতার সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। তখন পাকিস্তানি বাহিনী বাঙালিদের হত্যা করত। এখন স্বাধীন দেশে ক্ষমতাকে কেন্দ্র করে একজন অন্যজনকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। এই ভয়বহতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে হলে মানুষের মানবিকতা জাগ্রত করতে হবে। রবীন্দ্রসংগীত কেবল অনুশীলন নয়, রবীন্দ্রসংগীত আমাদের দেশপ্রেমিক হতে শিখিয়েছে। তাই এই নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ করতেও রবীন্দ্রসংগীত ভূমিকা রাখতে পারবে। দেশে শান্তি ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পরপর একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর বেলা ১১টায় অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত হয় সম্মেলন। বেলা আড়াইটায় নগরের বিএনডিএন মিলনায়তনে জেলা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। কিশোর ও সাধারণ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ দেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত হয় আলোচনা, গুণীজন সম্মাননা এবং রবীন্দ্রসংগীতের আসর। উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা, রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, গুণীজন সম্মাননাসহ রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা।
সন্ধ্যার অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করে জাতীয় পর্যায়ে অনন্য মান, সাধারণ মান, প্রথম মান এবং দ্বিতীয় মান পাওয়া বরিশালের ১২ জন শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর গুণীজন সম্মাননা পর্বে সংবর্ধনা জানানো হয় গণসংগীতশিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মুহম্মদ মুহসিন, সাংস্কৃতিক সংগঠক কাজল ঘোষ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় প্রতিনিধি রফিক আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক দেবদুলাল গুহ প্রমুখ।