মানবিকতার উন্মেষে গহিন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গহনযাত্রা সালমা নামের এক তরুণীর আখ্যান। এতে অভিনয় করেছেন শামসি আরা সায়কা
গহনযাত্রা সালমা নামের এক তরুণীর আখ্যান। এতে অভিনয় করেছেন শামসি আরা সায়কা

১৫ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ছিল গহনযাত্রার শুভযাত্রা প্রদর্শনী। গহনযাত্রা প্রযোজনায় সময়কে কোনো নির্দিষ্ট ফ্রেমে না বেঁধে মুক্ত করে দেওয়া হয়েছে, ফলে সময় হয়ে ওঠে সব সময়ের।
গহনযাত্রা পদাতিক নাট্য সংসদের ৩৯তম প্রযোজনা। দ্বৈত ও অদ্বৈতের আখ্যান গহনযাত্রার রচয়িতা তরুণ নাট্যকার রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশক আরেক গুণী ও কৃতী তরুণ নাট্যজন সুদীপ চক্রবর্তী। সম্ভবত গহনযাত্রা ঢাকার মঞ্চে রুবাইয়াতের প্রথম মৌলিক নাট্যরচনা।
সুদীপের কথা অবশ্য ভিন্ন। সুদীপের প্রতিটি কাজেই অভিনবত্ব থাকে। গহনযাত্রা দেখতে গিয়ে সেটি আবারও টের পাওয়া গেল নিরাভরণ মঞ্চসজ্জা দেখে। পেছনে নিরালম্ব এক কালো পর্দা দেখে মনে নানা ভাবনা উঁকি দেয়। কালোর পেছনেই কি তবে আলোর ভুবন, যে কালো আশ্রয়হীন হয়ে ওঠে আলোর ঝলকানিতে, যার অভিমুখেই ধাবিত হবে এই নাট্যাখ্যানের মূল সুর? মঞ্চটিও ঢেকে দেওয়া হয়েছে কালো পর্দায়। সমস্ত উইংস খুলে দিয়ে নির্দেশক কি তবে নগ্ন সত্যকেই তুলে ধরার প্রয়াসী হয়েছেন? এত এত কালো কি আমাদের স্মরণ করিয়ে দেয় না বিশ্বজুড়ে যে অন্ধকার বিস্তারের প্রবণতা চলছে কয়েক বছর ধরে, তার কথা?
গহনযাত্রা সালমা নামের এক তরুণীর আখ্যান, যে অন্ধকার সময়ের ভেতর দিয়ে ছুটে চলছে দূর অস্ত আলোর প্রত্যাশায়। তার যাত্রাপথ সংকুল হয়ে ওঠে ত্রাস, ব্যভিচার আর একদেশদর্শী ধর্মীয় দর্শনে আক্রান্ত জিঘাংসু মানুষ নামের কিছু জন্তুর ক্রমাগত ছোবলে। সালমা বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হলেও আশাবাদী। দ্বৈত-অদ্বৈতের মেলবন্ধনে শুভাশুভের ভাবনায় জাগিয়ে তোলে দর্শককে। কোনো এক ভূখণ্ডের সালমা বিশ্বব্রহ্মাণ্ডের মানবিকতার প্রতীকে পরিণত হয়। বিশ্বজুড়ে আয়লান, রাজন, রাকিবদের বেঁচে থাকার অধিকার হরণকারীদের প্রতিপক্ষÿ হয়ে ওঠে সালমা।
গহনযাত্রা প্রযোজনার টেক্সট ও নির্মাণশৈলী নিয়ে দু-চারটি কথা বলা প্রয়োজন। রুবাইয়াৎ আহমেদ বর্ণনাত্মক রীতি অনুসরণ করেছেন এ আখ্যান রচনায়। আখ্যানের অবয়ব নিয়ে তিনি যতটা মনোযোগী ছিলেন, নাটকের অন্তর নিয়েও সেই মনোযোগ থাকাটা জরুরি ছিল। গহনযাত্রা বেশ জটিল একটি নাটক, দেখতে দেখতে নানা রকম ধন্দে পড়ে যেতে হয়। কখনো কখনো এটি প্রবন্ধ না নাটক—এর মীমাংসা করা দুষ্কর হয়ে ওঠে। প্রশ্ন জাগে, এ কি পরাবাস্তব নাকি অবাস্তব, নাকি রূপক-সাংকেতিক নাটক? ‘পম’ শব্দের মানে কী? নাট্যে বর্ণিত ৩৮, ৩৭ কিংবা ৭১ সংখ্যাগুলো কী সংকেত প্রদান করে? এ রকম নানা প্রশ্ন মাথায় আসে, যার একটা ব্যাখ্যা খুঁজে পাওয়াও জরুরি।
আরও কিছু বিষয় নিয়ে নাট্যকার ও নির্দেশকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাটক শুরুর প্রথম ৮-১০ মিনিট অনেক জটিল ও দুর্বোধ্য মনে হয়। একটা চাপ তৈরি হয় মাথায়। দর্শক এই চাপ কতটা নিতে পারবেন, সেটাও একটু ভাবতে হবে। তা ছাড়া সংলাপে অনেক পুনরাবৃত্তি আছে বলে মনে হতে থাকে নাটক দেখার সময়। নির্দেশক সুদীপ চক্রবর্তী বারবার চেষ্টা করেছেন নাট্য উপস্থাপনে একটা সহজিয়া ভাব গ্রহণ করতে কিন্তু কাজটি খুব সহজ নয়। তারপরও এ রকম একটি সাহসী প্রযোজনা মঞ্চে উপস্থাপন করার জন্য পদাতিক নাট্য সংসদ, নাট্যকার রুবাইয়াৎ আহমেদ ও নির্দেশক সুদীপ চক্রবর্তীকে ধন্যবাদ ।
সফল একক নাটকের ক্ষেত্রে আমাদের সামনে অনেকগুলো উদাহরণ আছে। তৃপ্তি মিত্রের অপরাজিতা, শাঁওলি মিত্রের নাথবতী অনাথবৎ, কথা অমৃত সমান, ফেরদৌসী মজুমদারের কোকিলারা, শিমুল ইউসুফের নটী বিনোদিনী, মোমেনা চৌধুরীর লাল জমিন ইত্যাদি। গহনযাত্রাও একক অভিনয়ের নাটক। খুব স্বাভাবিকভাবেই গহনযাত্রা দেখতে দেখতে উল্লিখিত নাটকগুলোর কথা মনে পড়বে এবং তুলনামূলক একটা চিত্রও মাথায় আসবে। গহনযাত্রার একক অভিনয়শিল্পী শামছি আরা সায়কার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। সায়কার অভিনয় নিঃসন্দেহে অনেক পরিশীলিত ছিল। অসম্ভব পরিশ্রম করেছেন তিনি নাটকটি নিজের মধ্যে ধারণ করার জন্য। তবে তাঁর দুর্বলতাও ধরা পড়ে কণ্ঠসংগীতের অংশ রেকর্ড বাদনের মধ্যে। গানগুলো কণ্ঠে তুলে নিতে পারলে দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবেন। বিষয়টি নির্দেশকের জন্যও স্বস্তিদায়ক হবে।
গহনযাত্রার সংগীত পরিকল্পনায় সাইম রানা বেশ চমৎকার কাজ দেখিয়েছেন। আলোক পরিকল্পনাও অসাধারণ। আতিকুল ইসলাম জয় পরিমিত আলোর ব্যবহার করে নাট্যমুহূর্তগুলো অত্যন্ত শৈল্পিকভাবে উপস্থাপন করেছেন।
গহনযাত্রা সর্বকালের মানবিকতার উন্মেষে এক গহিন যাত্রা। বর্তমান সময়ে ধর্মীয় কূপমণ্ডূকতাকে অবলম্বন করে যারা উগ্রবাদ-সন্ত্রাস-ধর্ষণ-গণহত্যা চালিয়ে পৃথিবীতে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় রত, গহনযাত্রা তারই বিপরীতমুখী এক অভিযাত্রা।