মানবিকতার গল্প নিয়ে ছবি

বিবেক ছবির মূল বিষয় মানবিকতা। দোষ-গুণ মিলিয়ে একজন মানুষ। পরিস্থিতির কারণে কারও নৈতিক স্খলন হতেই পারে, কিন্তু আত্মোপলব্ধি দিয়ে তা থেকে মুক্ত হওয়াটাই আসল চ্যালেঞ্জ। এভাবেই বিবেক ছবির ভাবনার ব্যাপারে বললেন পরিচালক সাইফ সুমন। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৩-১৪ অর্থবছরে অনুদান পেয়েছেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। এখন চলছে শুটিং-পরবর্তী কাজ। পরিচালকের ইচ্ছে, আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী করবেন।
বিবেক ছবিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এনাম তারা সাকি, মোহাম্মদ বারী, এ কে আজাদ, আমির সিরাজী, তৌফিকুল ইসলাম, প্রশান্ত হালদার, মৃণাল দত্ত, রিয়াজ হোসেন, পিয়ার মোহাম্মদ, শাকিল সিদ্ধার্থ, জসিম, ইমা আক্তার।
সাইফ সুমন অনেক দিন কাজ করছেন মঞ্চে। থিয়েটার আর্ট ইউনিটের সদস্য তিনি। এরই মধ্যে দুটি নাটকের নির্দেশনা দিয়েছেন। নাটক দুটি হলো মগজ সমাচার ও না-মানুষি জমিন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হলো না-মানুষি জমিন নাটকটি। পাশাপাশি নির্দেশনা দিয়েছেন পথনাটকও।
তাঁর তৈরি টেলিছবি খেলা সম্প্রতি দেখানো হয়েছে মাছরাঙা টিভিতে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ফাঁকে তৈরি করেছেন নাটক। নাম একজন দার্শনিকের বাসায় শয়তান ও চোর। জানালেন শিগগিরই তা দেখানো হবে টিভিতে।