মানহানির মামলায় ফাঁসলেন শার্লিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শার্লিন চোপড়া
শার্লিন চোপড়া

বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে পাঁচ কোটি রুপির মানহানির মামলা করেছেন প্রযোজক, নির্মাতা ও কবি রূপেশ পাল।
রূপেশ প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন শার্লিন চোপড়া। ছবিটির ট্রেইলর উদ্বোধনের অনুষ্ঠানে শার্লিনের হাজির হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। শার্লিনের এমন অপেশাদার আচরণে তাঁর ওপর বেজায় ক্ষুব্ধ রূপেশ। বিষয়টি নিয়ে রূপেশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শার্লিন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
পরবর্তী সময়ে রূপেশের সঙ্গে রীতিমতো ভারচুয়াল যুদ্ধ শুরু করে দেন ২৯ বছর বয়সী শার্লিন। আর হাতিয়ার হিসেবে তিনি বেছে নেন সোশ্যাল মিডিয়াকে। এমনকি টুইটার বার্তার মাধ্যমে রূপেশ সম্পর্কে নানা কুত্সা রটাতে একটুও দ্বিধান্বিত হননি শার্লিন।
টুইটারে শার্লিনের লেখা আজে-বাজে নানা মন্তব্য দেখে রূপেশ প্রচণ্ড চটে যান। তিনি শার্লিনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। সম্প্রতি শার্লিনের বিরুদ্ধে পাঁচ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন রূপেশ।
এ প্রসঙ্গে ক্ষুব্ধ রূপেশের ভাষ্য, ‘শালীনতার সীমা অতিক্রম করেছেন শার্লিন। ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলে কেউ অন্যের সঙ্গে এমন আচরণ করতে পারে না। এ জন্য বাধ্য হয়েই আমাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’