মানুষের গল্পের নাটক কৃষ্ণগহ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণগহ্বর নাটকের দৃশ্য। ছবি: প্রথম আলো
কৃষ্ণগহ্বর নাটকের দৃশ্য। ছবি: প্রথম আলো

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত তাড়া করে ফিরেছে বিভিন্ন অশুভ ছায়া। হোক সে সংখ্যালঘু বা গরিষ্ঠ, আক্রমণ হয়েছে অতর্কিত। ভস্মীভূত হয়েছে পুঞ্জীভূত সম্পদ, গৃহছাড়া হয়েছে মানুষ, এমনকি দখল হয়েছে তাদের ভিটেমাটি। কী দোষ বা অপরাধে এমন পরিণতি তাদের? এমন হামলার শিকার হলো কেন তারা? প্রশ্নের উত্তর নেই কারোর কাছেই। কিন্তু মানুষ তো অজেয়। এ কারণে সবকিছু হারানোর পরও যা কিছু অবশিষ্ট থাকে তাই নিয়ে ঘুরে দাঁড়ায় সে।

কৃষ্ণগহ্বর নাটকে উঠে এসেছে সব হারা মানুষের গল্প। ৩ মার্চ সন্ধ্যায় পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র মঞ্চে নাটকটি মঞ্চস্থ করেছে বগুড়া শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের রোপার্টরি নাট্যদল। আল জাবিরের রচনা ও নির্দেশনায় এ নাটকে সব হারানো মানুষের গল্পের পাশাপাশি উঠে এসেছে অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কথাও।

এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শানু, লায়লা, শাকিল, লিখন, সুমন, প্রশান্ত, সিজান, ঝুমা, মাহিয়া, সুমন, সাকিল, ভৈরব, জনি, ইতি, মাকসুদা, পূজা ও অন্তি।

মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন নির্দেশক নিজেই। আর বণমালী শিল্পকলা কেন্দ্রে নাটকটি সমন্বয় করেছেন আব্দুল হান্নান।

নাটকের শুরু হলে ধীরে ধীরে এ প্রযোজনায় আকার পায় আমাদের বর্তমান সময়ের আলো-অন্ধকার। এই করপোরেট সমাজব্যবস্থায় মানুষের আত্মকেন্দ্রিক, উগ্রবাদ প্রসঙ্গ—এসবই মূর্ত হয়েছে বিভিন্ন দৃশ্যে।

মঞ্চায়ন শেষে কৃষ্ণগহ্বর নিয়ে কথা বললেন নির্দেশক আল জাবির, ‘নবীন একঝাঁক নাট্যকর্মী নিয়ে এই প্রযোজনাটি তৈরি হয়েছে। সবাই-ই নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখনো কোথাও ঘাটতি রয়ে গেছে। আস্তে আস্তে এ ঘাটতি দূর হবে।’