সংস্কৃতি সংবাদ : ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন
মানুষের নিজের ভাষায় সাহিত্য চর্চা তার অধিকার
ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা। দুই দেশের দুজনের হাত থেকে দুটি পায়রা উড়ে গেল রাজশাহীর আকাশে। আর উদ্বোধনী আসরে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক উচ্চারণ করলেন ‘বিশ্ব আমার স্বদেশ, মানুষ আমার স্বজন’। এভাবেই গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ঘোষিত হলো, প্রত্যেক মানুষের নিজের ভাষায় সাহিত্য চর্চা করার অধিকার।
শিল্প ও সমাজবিষয়ক সাময়িকী নিরিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১০ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এই সাময়িকীর উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’ নামে দুই দিনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। এতে দুই বাংলার প্রায় ৪০ জন প্রাবন্ধিকের বাংলা, ইংরেজি ও উর্দু সাহিত্যের ওপর রচিত প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য থেকে লেখকেরা এসেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। সভাপতিত্ব করেন নিরিখ-এর সম্পাদক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। স্বাগত বক্তব্য দেন নিরিখ-এর নির্বাহী সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান।
সম্মেলনের উদ্বোধক হাসান আজিজুল হক বলেন, ‘আমরা বলি আলো আসে চারদিক থেকে। কথাটা বোধ হয় আমরা ঠিক বলি না। আলো আসে দশ দিক থেকে। সেই আলো মানুষকে আলোকিত করে। পরস্পরকে মুখচ্ছবি দেখায়। এর মানবিক প্রতিফলন পড়ে একটি আয়নায়। আর তার নাম সাহিত্য।’ অনুষ্ঠানে উর্দু ও হিন্দি অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। এতে বাংলাদেশি উর্দু কবিতার বিষয় ও উপস্থাপনা নিয়ে বলেন গবেষক জাভেদ হুসেন এবং বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য নিয়ে বলেন গবেষক মোহাম্মদ হাসান।