মানুষের মাঝে বাঁচতে চান সাবিনা
‘শিল্পী সাবিনা ইয়াসমীন বাংলাদেশের গৌরব। বাংলা গানের কথা এলেই সাবিনা ইয়াসমীনের নাম আসবে। তাঁর মতো একজন গুণী শিল্পী আজীবন বাংলাদেশের মানুষের মনের মধ্যে বেঁচে থাকবেন।’সাবিনা ইয়াসমীনকে সংবর্ধনা জানাতে গিয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করছিলেন অতিথিরা। এ বছর সাবিনা ইয়াসমীনকে গুণীজন সংবর্ধনা দিয়েছে সিটি ব্যাংক।এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর একটি তারকা হোটেল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাবিনা ইয়াসমীনের হাতে ক্রেস্ট ও একটি প্রতিকৃতি তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সমাজ ও রাষ্ট্র গুণীজনদের সম্মান দিতে পারে না, সেই রাষ্ট্রে গুণীরা টিকে থাকেন না। সাবিনা ইয়াসমীন একজন গুণী মানুষ। তাঁর গানের মধ্য দিয়েই কয়েকটি প্রজন্ম বেড়ে উঠেছে। তাঁর মতো একজন গুণীকে সম্মান জানানোর মধ্য দিয়ে আসলে আমরাই সম্মানিত হলাম।’সাবিনা ইয়াসমীন তাঁর বক্তব্যে জানান, মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতে তিনি মুগ্ধ। মানুষের মধ্যেই তিনি বেঁচে থাকতে চান। অনুষ্ঠানে সিটি ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মামুন রশীদ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিল্পী সাদি মহম্মদ, সামিনা চৌধুরী, ফেরদৌস আরা ও কিরণচন্দ্র রায় অনুষ্ঠানে গান গেয়ে শোনান। রবীন্দ্র উৎসব সমাপ্তগতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছিল রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটের আয়োজনে দুই দিনের রবীন্দ্র উৎসবের সমাপনী। শেষ অধিবেশনের বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের বর্ষা ও প্রেম’।শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কবিগুরুর প্রেমের গান নিয়ে আলোচনা করেন। ব্যতিক্রমধর্মী এই পর্বে আলোচনার ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক গানও শুনিয়েছেন তিনি। গানগুলোর মধ্যে ছিল ‘দুজনে দেখা হল মধুযামিনী রে’।আয়োজনজুড়েই ছিল বর্ষা এবং প্রেমের গান ও গানের প্রসঙ্গ। শিল্পী তপন ভট্টাচার্য ‘দেখা না-দেখায় মেশা’, সুপর্ণা দাস ‘আজি গোধূলিলগনে’ ও নাসরিন সুলতানা ‘ছায়া ঘনাইছে বনে বনে’ গান তিনটি গেয়ে শোনান। মীর বরকত পাঠ করেন কবির চিঠি।অন্য শিল্পীদের মধ্যে গান শোনান মৃদুল কান্তি চক্রবর্তী, পাপিয়া সারোয়ার, শাহেদ ইমাম, মহিউজ্জামান চৌধুরী, সাদি মহম্মদ, সুমন চৌধুরী, মানসী সাধু, মনসুরা বেগম প্রমুখ। সমবেত সংগীতপর্বে সুরতীর্থ পরিবেশন করে ‘তপের তাপের বাঁধন’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’; সংগীতভবন ‘এসো শ্যামল সুন্দর’, ‘কোন পুরাতন প্রাণের টানে’; প্রতীতি ‘এসো এসো ওগো শ্যামল ছায়া’; জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা ‘মোর ভাবনারে’, ‘নীল নবঘনে’ এবং ছায়ানট ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’, ‘শ্রাবণের গগনের গায়’। শেষে তামান্না রহমান ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’ এবং রেওয়াজ পারফরমার্স স্কুল ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে। পুরো আয়োজনেই তন্ময় হয়ে ছিল দর্শকেরা।‘কথা’ পা দিল আঠারোতেকথা ললিতকলা একাডেমি পা দিল ১৮ বছরে। এ উপলক্ষে গতকাল বিকেলে তারা জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। শিশুশিল্পীদের সমবেত কণ্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ এবং ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গান দুটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল ‘এসো নীপবনে’ গানের সঙ্গে নৃত্য। আলোচনা পর্বে অংশ নেন রামেন্দু মজুমদার, শেরিফা কাদের, মাসুদ আহমেদ, এম এ জলিল, এম আর এ তোহা, আলাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি সামসুজ্জামান। এ পর্বে মামুনুর রশীদ, লায়লা হাসান ও দেবপ্রসাদ দেবনাথ—এই তিন গুণীকে সংবর্ধনা দেওয়া হয়।সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘একটি বাংলাদেশ তুমি’, ‘শ্যামা তন্বী আমি’, ‘মাগো আর তোমাকে’, ‘খেলেছ এ বিশ্ব লয়ে’, ‘মায়ের দেয়া মোটা কাপড়’সহ বিভিন্ন গান গেয়ে শোনান একাডেমির শিল্পীরা।থিয়েটার কারামের রাইবচনআগামী মাসে ব্রিটিশ কাউন্সিলে থিয়েটার কারাম প্রদর্শন করবে তাদের প্রথম মৌলিক প্রযোজনা ‘রাইবচন’। এর আগে গত শুক্রবার টিএসসি সেমিনার কক্ষে হয়ে গেল রাইবচনের মহড়া প্রদর্শনী। রাধা-কৃষ্ণ আখ্যানকে কেন্দ্র করে নারী জাগরণের বিষয়টি আধুনিক আঙ্গিকে এই নাটকে তুলে ধরা হয়েছে। রচনা ও নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ সরকার।