
দারিদ্র্য, ক্ষুধা, অভাব-অনটনে মানুষ একটা সময় যুক্তিহীন হয়ে পড়ে। ফলে যেকোনো সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে যেকোনো মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো মানুষের জীবনে এই সংকটের সৃষ্টি হয় কেন? তারই উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, মানবগোষ্ঠী দুটি শ্রেণিতে বিভক্ত। এক হলো শোষক, আর হলো শোষিত। এই শোষিত মানুষেরাই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে নানা প্রতিকূলতার বিরুদ্ধে। এমন পটভূমিতে কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক রচনা করেছিলেন নাটক জ্বালা।
নাটকটি রচিত হয় ১৯৫০ সালে। অর্ধশতাব্দীকাল পর নাটকটি মঞ্চে আনল দৃষ্টিপাত নাট্যদল। জ্বালা নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হয়। এটি দলের ২৪তম প্রযোজনা। নাটকটি রচনার প্রেক্ষাপট ও সময়কাল সম্পর্কে নির্দেশক জানান, নাটকটি রচনার একটি বিষাদময় পটভূমি আছে। এরই কিছুদিন আগে কলকাতা শহরে এক মাসের মধ্যে বহু মানুষ আত্মহত্যা করেছিল। তাদের মধ্য থেকে কয়েকটি চরিত্র এই নাটকে সন্নিবিষ্ট করা হয়েছে। একমাত্র পাগলের চরিত্র ছাড়া আর সব কটি চরিত্রই জীবন থেকে গ্রহণ করা। সেদিক থেকে নাটকটিকে প্রামাণ্য দলিল বলা যেতে পারে।
নাটকে অভিনয় করেছেন সুমী ইসলাম, মারুফ রহমান, রফিকুল ইসলাম, লায়লা আক্তার, আবদুল হালিম, রাকিব হোসেন, অভিজিৎ সেনগুপ্ত ও সুনীল কুমার দে।