
কবি মঞ্চে এলেই উঠে দাঁড়ালেন মিলনায়তন-ভর্তি মানুষ। করতালি দিয়ে অভিনন্দন জানালেন আশি বছর পার করা কবি সৈয়দ শামসুল হককে। দুই হাত প্রসারিত করে সামান্য নুয়ে তিনিও গ্রহণ করলেন মানুষের শুভেচ্ছা।
ছয় দশক ধরে চলমান যাঁর সোনালী কলম, তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি ভুবনে তাঁর স্বজনেরা। এসেছেন পারিবারিক বন্ধনে আবদ্ধ আত্মীয়রাও। কিন্তু কবি সব থেকে বেশি আপ্লুত হয়েছেন পাঠক ও অচেনা মানুষের উপস্থিতি ও শুভেচ্ছায়।
গতকাল রোববার ৮১ বছরে পদার্পণ করেছেন সৈয়দ শামসুল হক। উদ্যাপনের আয়োজন করেছিল সৈয়দ হক জয়ন্তী উদ্যাপন পরিষদ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এই আয়োজনে ছিল কথা, গান, আবৃত্তি, স্মৃতিচারণা, নাট্যাংশ পাঠ এবং নৃত্য। জীবনসঙ্গী আনোয়ারা সৈয়দ হককে নিয়ে কবি বসেছিলেন মঞ্চে।
অনুষ্ঠানের শুরুতে সূচনাসংগীত ‘নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে’ গেয়ে শোনান শিমুল ইউসুফ। উপস্থিত অতিথি ও গুণগ্রাহীরাই জ্বালিয়ে দেন মঞ্চের সামনে রাখা ৮০টি মোমবাতি। শংসাবচন পাঠ করেন রামেন্দু মুজমদার। স্মৃতিচারণা করেন নাট্যজন আতাউর রহমান, কবি মোহাম্মদ সামাদ, ফেরদৌসী মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী প্রমুখ।
আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘তাঁর জন্য এত ফুল, এত শুভকামনা দেখে আমি আপ্লুত। গর্বিত বোধ করছি যে এই মানুষটির সঙ্গে আমি ৫০ বছর ঘর করেছি। তিনি এক শব্দ ও কথার জাদুকর।’
সৈয়দ শামসুল হক বলেন, ‘এত ভালোবাসা, ফুল, কথা, গান আর আপনারা—আমি যেমন অভিভূত, তেমন আপ্লুত। জন্মদিনে আমার একমাত্র চাওয়া, মুক্তিযুদ্ধের সময় বাংলার মানুষের ওপর নির্যাতনকারী পাকিস্তানের সেই সব সেনা কর্মকর্তাদের বিচার।’
তাঁর কবিতা আবৃত্তি করে শোনান আহকাম উল্লাহ ও হাসান আরিফ, নাট্যাংশ পড়েন ত্রপা মজুমদার ও মারুফ কবির, গান শোনান অদিতি মহসিন, ওয়ার্দা রিহাবের পরিচালনায় নাচ পরিবেশন করেন ধৃতি নৃত্যনালয়।