মান্না দেকে এড়িয়ে ‘কফি হাউস’!
কলকাতার কলেজ স্ট্রিটের সেই কফি হাউস নিয়ে এবার চলচ্চিত্র তৈরি হচ্ছে কলকাতায়। পরিচালক রানা সেন। মান্না দের জনপ্রিয় গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ঘিরে ছবির কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন গৌতম ভট্টাচার্য। মান্না দের এই গানের চরিত্র অমল, নিখিলেশ, মঈদুল, রমা রায়, সুজাতা—সবাই থাকছেন এই ছবির গল্পে। আর ছবিতে অভিনয় করছেন শুভাশীস মুখার্জি, শান্তিলাল মুখার্জি, শঙ্কর চক্রবর্তী, ডি’সুজা, রমা রায় প্রমুখ। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন জয় দত্তগুপ্ত। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা এই জনপ্রিয় গানটি নিয়ে ছবি তৈরির উদ্যোগ নেওয়া হলেও, এ ব্যাপারে পরিচালক বা প্রযোজক কেউই মান্না দের সঙ্গে কথা বলেননি। তাঁকে এড়িয়েই তৈরি হচ্ছে ছবিটি। বেঙ্গালুরুতে মান্না দের বাড়িতে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এ ছবি তৈরির ব্যাপারে কিছুই জানেন না। জানলে খুশি হতেন।