মান্না দের অপ্রকাশিত গান মুক্তি পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দে
মান্না দে

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে মৃত্যুবরণ করেছেন ২৪ অক্টোবর বৃহস্পতিবার। মৃত্যুর আগেই স্ত্রী সুলোচনাকে উত্সর্গ করে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি। নিজের তৈরি চারটি গানের পাশাপাশি দুটি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো অ্যালবামটির কাজও শুরু করেছিলেন মান্না দে। যত দ্রুত সম্ভব অ্যালবামটি প্রকাশ করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন আশা অডিও কোম্পানির পরিচালক মহুয়া লাহিড়ি।
১৯৫৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন মান্না দে ও সুলোচনা। দীর্ঘ ৫৯ বছর সংসার করার পর ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালে মৃত্যুবরণ করেন সুলোচনা। স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন মান্না দে। বহুবার তিনি জানিয়েছেন, সুলোচনাই তাঁর জীবনের অনুপ্রেরণা। স্ত্রীর মৃত্যুর পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লেও সুলোচনাকে উত্সর্গ করে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেন মান্না দে।
অ্যালবাম তৈরির কাজ অনেকটাই গুছিয়ে এনেছিলেন মান্না দে। চলতি বছরের শুরুর দিকে তিনি গানগুলোর সংগীতায়োজনের পাশাপাশি ছয়টি গানেরই ট্র্যাক রেকর্ডিংয়ের কাজ শেষ করেছিলেন। শুধু বাকি ছিল কণ্ঠ-ধারণের কাজ। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় গানগুলোতে কণ্ঠ দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এ প্রসঙ্গে আশা অডিও কোম্পানির পরিচালক মহুয়া লাহিড়ি বলেন, ‘অ্যালবামের ছয়টি গানের মধ্যে দুটি রবীন্দ্রসংগীত। বাকি চারটি গান বেঁধেছিলেন মান্না দে নিজেই। ইচ্ছে থাকা সত্ত্বেও শরীর সায় না দেওয়ায় গানগুলোতে কণ্ঠ দিয়ে যেতে পারেননি মান্না দে। এখন তাঁর পরিবর্তে অন্য কাউকে দিয়ে গানগুলো গাওয়ানো হবে। যোগ্য শিল্পীর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই কণ্ঠ ধারণের কাজ শেষে যত দ্রুত সম্ভব অ্যালবামটি মুক্তি দেওয়া হবে।’

অ্যালবামের দুটি রবীন্দ্রসংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা যা বলো তাই বলো’ এবং ‘আনন্দ তুমি স্বামী’। এ গান দুটির মাধ্যমে সুলোচনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মান্না দে তাঁর চাচা প্রখ্যাত গায়ক-সংগীত পরিচালক কৃষ্ণ চন্দ্র দের স্মৃতির প্রতিও শ্রদ্ধাঞ্জলি জানাতে চেয়েছিলেন।