মান্না দের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দে
মান্না দে

প্রবাদপ্রতিম সংগীতসাধক মান্না দের প্রয়াণে অসংখ্য ভক্তের মতো ব্যথিত বাংলাদেশের সংগীতাঙ্গনের মানুষেরাও। মান্না দের চলে যাওয়া নিয়ে সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, রফিকুল আলম, সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী জ্ঞাপন করেছেন শ্রদ্ধাঞ্জলি।
অমর হয়ে থাকবেন মান্না দে: আব্দুল হাদী
আমার দুর্ভাগ্য, মান্না দের মতো একজন সংগীতশিল্পীর সঙ্গে সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য হয়নি। তবে তাঁর গানের সঙ্গে পরিচয়টা সেই ছোটবেলা থেকেই। স্কুলজীবন থেকে তাঁর গানের সঙ্গে যোগাযোগ। মান্না দের পরিচয় তো গানের শিল্পী, তাই তাঁর গানের সঙ্গে যোগাযোগটা সব সময় নিবিড় ছিল। তাঁর মৃত্যু বাংলা গানের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাঙালি সংস্কৃতির সঙ্গে যাঁদের নাড়ির যোগাযোগ, তাঁদের সবার জন্য মান্না দের মৃত্যু সংবাদটা অনেক বড় বেদনার। জীবনের শেষ সময়টা পর্যন্ত মান্না দে বাংলা গানের পেছনে নিজেকে নিয়োজিত রেখেছেন। ছয় যুগ ধরে বাংলা গানের ভান্ডারকে করেছেন পরিপূর্ণ ও সমৃদ্ধ। বাংলা গানের ক্ষেত্রে তিনি এক এবং অদ্বিতীয়। সংগীতের ক্ষেত্রে তাঁর তুলনা শুধু তিনি নিজে। উচ্চাঙ্গসংগীতের মেজাজ এবং বাংলা গানের পরিচ্ছন্নতা ও গীতিময়তার মধ্যে যে সমন্বয় করেছেন, তা সত্যিই অসাধারণ। বাংলা ভাষা ও সংস্কৃতি যতদিন থাকবে, শিল্পী হিসেবে তিনি অমর হয়ে থাকবেন।  
বড় মনের মানুষ: রুনা লায়লা
মান্না দেকে খুব কাছ থেকে জানার সুযোগ খুব একটা পাইনি। তবে তাঁর সঙ্গে আমার দুবার দেখা হয়েছিল। একবার সত্তরের দশকে ভারতে, অন্যবার নব্বইয়ের দশকে যুক্তরাজ্যে। সে সময় তাঁর সঙ্গে কথা হয়েছে। গান নিয়ে অনেক আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। সরাসরি গান শোনার সৌভাগ্যও হয়েছিল। আর তখনই আমার উপলব্ধিতে আসে, সংগীতশিল্পী শিল্পী মান্না দে যতটা না বড়, তার চেয়ে বড় মনের একজন মানুষ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। এটা কোনোভাবে পূরণ করার মতো নয়। মান্না দের চলে যাওয়ার সংবাদে খুবই মর্মাহত আমি।

কিংবদন্তি শিল্পী: সাবিনা ইয়াসমীন

মান্না দের সঙ্গে আমার সব মিলিয়ে চারবারের মতো দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। এর মধ্যে প্রথমবার দেখা হয়েছিল আশির দশকের শেষ ভাগে। কলকাতায় একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে গান গাওয়ার সৌভাগ্যও হয়েছিল। আর তাঁর সঙ্গে তখনই প্রথম কথা হয়। সেখানে তিনি আমাকে শাস্ত্রীয় সংগীতের ব্যাপারে বেশ কিছু পরামর্শ দেন। এমনকি প্রতিদিন রেওয়াজ করার ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। নব্বইয়ের দশকের শুরুতে আরেকবার ঢাকায় একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। একই অনুষ্ঠানে অন্য আরও কয়েকজন শিল্পীর সঙ্গে আমিও গান করেছিলাম। সে অনুষ্ঠানে তাঁর সঙ্গে আমার গানের ব্যাপারে অনেক কথাবার্তা হয়। চারবারের দেখা এবং কথাবার্তায় অনেক কিছুই জানার সৌভাগ্য হয়েছিল। তবে তাঁর সংগীতসংশ্লিষ্ট বিষয় নিয়ে কিছু বলার মতো ক্ষমতা আমার নেই। ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি তিনি। বাংলা গানের ক্ষেত্রে তাঁর যেমন দখল ছিল, ঠিক তেমনি ছিল হিন্দি এবং শাস্ত্রীয় সংগীতেও।   

সুরের যোদ্ধা ছিলেন মান্না দে: রফিকুল আলম 

বাংলা গানের শত্রু তৈরি হয় আশির দশকের শুরুতে। আর সংকটেরও শুরু সে সময় থেকেই। আধুনিক বাংলা গানকে সংকট এবং শত্রুদের থেকে একক প্রচেষ্টায় মুক্ত করেছেন যিনি, তিনি হচ্ছেন মান্না দে। তিনি তাঁর সুর করা গান গেয়ে এবং অন্যের সুর করা গানে যোগ করেছেন ভিন্ন একটি মাত্রা। অসাধারণ সব গায়কি এবং সুর দিয়ে মান্না দে আধুনিক বাংলা গানকে নিয়ে গেছেন অন্যরকম উচ্চতায়।

যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মান্না দে: এন্ড্রু কিশোর

মান্না দে, আমি তাঁকে মান্না দা হিসেবে সম্বোধন করি। তবে তাঁকে নিয়ে কোনো কিছু বলার মতো ঔদ্ধত্য আমার নেই। তাঁর সঙ্গে দেখা হওয়ার সুযোগ একবারই হয়েছে। তবে সেই অর্থে তেমন কোনো কথাই হয়নি। তিনি যত বড় মাপের মানুষ, তাঁর সঙ্গে কথা বলার সাহস নিজেও দেখাইনি। ১৯৮৫ সালে আলম খানসহ কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গিয়েছিলাম ছবির গান করতে। সেখানেই প্রথম মান্না দাকে দেখি। তিনি আমাদের দেশের বাংলা গানের প্রশংসা করেছিলেন। মান্না দা তাঁর সৃষ্টি এবং কৃতকর্ম দিয়ে কখনো বাঙালি এবং বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাবেন না। বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। 

আমারই কথা যেন গেয়েছেন মান্না দে: তপন চৌধুরী

আজ সকাল থেকেই মনটা ভীষণ খারাপ। মান্না দের সঙ্গে আমার প্রথম দেখা হয় ঢাকায়। কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি গান করতে ঢাকায় এসেছিলেন। আশির দশকের সেই সফরে তিনি চার দিন ঢাকায় ছিলেন। ঢাকার শিল্পকলা ও সোনারগাঁ হোটেলে গান করেছিলেন। চার দিনই তাঁর সঙ্গে আমার থাকার সৌভাগ্য হয়েছে। আরও ছিলেন সুবীর দা, রফিক ভাই (রফিকুল আলম), আবিদা আপা (আবিদা সুলতানা)। অনেক কিছুই জেনেছি গান সম্পর্কে। মানুষ মান্না দেকে কাছ থেকে জানার সৌভাগ্য হয় তখন। এরপর আরও বেশ কয়েকবার তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছে। একবার কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে বিমানে দেখা। তখন সুবীর দা অসুস্থ। সেই খবরটা তিনিও জানতে পেরেছিলেন। তারপর বিমানেই সুবীর দার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আমাকে তিনি তুই বলে সম্বোধন করতেন। খুবই স্নেহ ও আদর করতেন। তাঁর মতো সংগীতের মহীরুহের আদর-স্নেহ-ভালোবাসা পাওয়াটা সত্যিই অনেক বড় সৌভাগ্যের। বাংলা গানে তিনি অদ্বিতীয়। তাঁকে নিয়ে বলার মতো দুঃসাহস নেই। এতটুকু বলতে পারব, বিশেষ করে ভালোবাসার গান তাঁকে ছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব না। তাঁর গানের কথা, সুর সবই অপূর্ব। তাঁর গানগুলো শুনলে মনে হয়, গানের কথাগুলো আমারই কথা। বাংলা ভাষা ও সংস্কৃতি যতদিন থাকবে, মান্না দে ততদিন অমর হয়ে থাকবেন।