মান্না দের শ্রাদ্ধানুষ্ঠানে কাঁদলেন সন্ধ্যা
রোববার প্রয়াত মান্না দের শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করা হয় কলকাতা ও বেঙ্গালুরুতে। কলকাতার শ্রাদ্ধানুষ্ঠানে এসে মান্না দের ছবিতে ফুল দিয়ে কাঁদলেন প্রবীণ সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মান্না দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কলকাতার এই শ্রাদ্ধানুষ্ঠানে মান্না দের স্মৃতিচারণা করেন শিল্পী হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, আরতি মুখোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, ইন্দ্রনীল সেন, ইন্দ্রানী সেন প্রমুখ। আরও এসেছিলেন টালিউডের কয়েকজন শিল্পী ও কলাকুশলী।
কলকাতায় মান্না দের আদিবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেন মান্না দের ভাইপো সংগীতশিল্পী সুদেব দে। আর বেঙ্গালুরুর ভারত সেবাশ্রম সংঘে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন মান্না দের মেয়ে সুমিতা দেব।
মান্না দে গত ২৪ অক্টোবর ৯৪ বছর বয়সে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।