মান্না দের স্মরণে অনুপ বড়ুয়ার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে চলে গেছেন না-ফেরার দেশে। রয়ে গেছে তাঁর কালজয়ী সব গান। মান্না দের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গতকাল গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পাঠাগার ভবন মিলনায়তনে বসেছিল গানের আসর। এর আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র। মান্না দের জনপ্রিয় গান দিয়ে সাজানো এই আসরে সংগীত পরিবেশন করেন অনুপ বড়ুয়া। অনুষ্ঠানে তিনি একে একে পরিবেশন করেন ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘যদি কাগজে লিখো নাম’, ‘ও কেন এত সুন্দরী হলো’, ‘তুমি নিজের মুখেই বললে সেদিন’, ‘সে আমার ছোট বোন’, ‘আমি কোন পথে যে চলি’, ‘সবাই তো সুখী হতে চায়’, ‘আবার হবে তো দেখা’সহ গোটা বিশেক কালজয়ী গান।