মান্না দের হাতে ‘সংগীত মহাসম্মান’
প্রবীণ শিল্পী মান্না দের হাতে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কার তুলে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বেঙ্গালুরুর কল্যাণনগরে মান্না দের মেয়ে সুমিতার বাসভবনে যান। এখন মেয়ের কাছেই আছেন মান্না দে। মান্না দে’কে সোনার চেইন দিয়ে তৈরি ‘সংগীত মহাসম্মান’ পদক পরিয়ে দেন মমতা। তিনি শিল্পীর হাতে তুলে দেন কলকাতার বিখ্যাত নকুড়ের মিষ্টি, ৯৪টি হলুদ গোলাপ, শাল, পরিধেয় বস্ত্রসহ বাংলার হস্তশিল্পসামগ্রী। তিনি শিল্পীর সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান। সম্মান পেয়ে আবেগাপ্লুত মান্না দে বলেন, এই দিনটি তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘সংগীত মেলা ২০১৩’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ জন শিল্পীর হাতে ‘সংগীত মহাসম্মান’ এবং ১৮ জন শিল্পীর হাতে ‘সংগীত সম্মান’ পুরস্কার তুলে দেবেন মমতা। কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না মান্না দে। মান্না দের বয়স এখন ৯৪ বছর।