মান্না দের ৩০ লাখ রুপি লোপাট

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উত্তর কলকাতার বিবেকানন্দ রোড শাখার মান্না দের হিসাব থেকে ৩০ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন তাঁরই ভাইপো তড়িৎ দে। সরিয়ে নেওয়া হয়েছে ওই ব্যাংকে মান্না দের স্ত্রী প্রয়াত সুলোচনা দের লকারে থাকা স্বর্ণালংকার এবং মান্না দের কয়েকটি দামি ঘড়ি। মান্না দের প্রিয় শখ ছিল নিত্যনতুন ঘড়ি সংগ্রহ করা। তিনি যেখানে যেতেন, সেখান থেকেই ঘড়ি সংগ্রহ করতেন।
গুরুতর অসুস্থ মান্না দে এখন কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর নারায়ণন হূদয়ালয়ে চিকিৎসাধীন। এরই মধ্যে হাসপাতালে মান্না দের চিকিৎসার খরচ বাবদ বিল হয়েছে ১৬ লাখ রুপি। হাসপাতালের এ বিল মেটানোর জন্য মান্না দের মেয়ে সুমিতা দে বেঙ্গালুরু থেকে তড়িৎ দের কাছে ব্যাংকে তাঁর বাবার গচ্ছিত টাকা পাঠাতে অনুরোধ করেন। কিন্তু তাতে সাড়া দেননি তড়িৎ দে। এরপরই সুমিতা জানতে পারেন, তাঁর বাবার ব্যাংক হিসাবে কিছুই নেই। গত শুক্রবার সুমিতা কলকাতার লালবাজারে এই অর্থ, স্বর্ণালংকার ও ঘড়ি আত্মসাতের অভিযোগ করেন। গিরীশ পার্ক থানার পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উত্তর কলকাতার বিবেকানন্দ রোড শাখার এ হিসাব মান্না দে এবং তড়িৎ দে যৌথভাবে পরিচালনা করতেন। মান্না দের অনুমতি না নিয়ে এ হিসাব থেকে সম্পূর্ণ অর্থ তড়িৎ দে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পাইকপাড়া শাখায় তাঁর নিজের এবং স্ত্রী অর্পিতা দের হিসাবে স্থানান্তর করেন।