মান্না-মৌসুমী-পপির ‘জীবনযন্ত্রণা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সাল। নারায়ণগঞ্জের টানবাজার। এখানকার একটি ছেলে খোকা তার বাবার পরিচয় খুঁজছে। রাতে সে কাঁদে। খোকার কষ্টে বাইজি চম্পাকলির চোখ ভিজে যায়। বাইজিবাড়ির আরেক বাসিন্দা অন্ধ যৌনকর্মী সখিনা। সবাই তাকে কাছে পেতে চায়। মুক্তিযুদ্ধ শুরু হয়। যুদ্ধে অংশ নেওয়ার উদ্দেশে বের হয় খোকা। যাওয়ার আগে সে জানতে পারে, চম্পাকলি তাকে ভালোবাসে। আর এত দিন যার কাছে সে বড় হয়েছে, সেই আনোয়ারা তার নিজের মা। এমনই এক গল্প নিয়ে পরিচালক জাহিদ হোসেন নির্মাণ করেছেন জীবনযন্ত্রণা। আর এবারই প্রথম একই ছবিতে অভিনয় করেছেন দুই চাচাতো বোন মৌসুমী ও পপি। ছবিতে ‘সখিনা’ হয়েছেন মৌসুমী আর ‘চম্পাকলি’ পপি। খোকা চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত নায়ক মান্না। জীবনযন্ত্রণা মান্না অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। প্রযোজনা করেছেন জনাব খসরু। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন দীঘি, মুক্তি, শাহনুর, বাপ্পারাজ প্রমুখ। মৌসুমী বলেন, ‘অনেকেই এর আগে আমাকে আর পপিকে নিয়ে ছবি তৈরির উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। আর এ ছবিতে কাজ করার সময় পপি কিন্তু বেশ আন্তরিক ছিল।’ পপি বলেন, ‘আসলে আগে ভালো গল্প এবং চরিত্র পাইনি বলে একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু এ ছবিটি একেবারেই অন্য রকম। যে কেউ দেখে মুগ্ধ হবেন।’জাহিদ হোসেন এর আগে মাতৃত্ব ছবিটি তৈরি করেছিলেন।