মান্নাকে মিস করি
১৯৮৪ সালে এফডিসি আয়োজিত প্রথম নতুন মুখের সন্ধানের শিল্পী আমি, মান্না, সোহেল চৌধুরীসহ আরও অনেকে। একসঙ্গে এলেও মান্নার সঙ্গে আমার ছবি করা হয়েছে প্রায় ১২ বছর পর। তা-ও মাত্র পরপর অল্প সময়ে পাঁচ-ছয়টি ছবি। তাই তার সঙ্গে আমার জানাশোনা, ওঠাবসা কম সময়ের। মান্নার সঙ্গে আমি যখন কাজ করি, তখন আমার বাচ্চারা বেশ ছোট ছিল। আউটডোর শুটিং থাকলে বাচ্চাদের আমি সঙ্গে করে নিয়ে যেতাম। ওদের সঙ্গে দেখা হলেই মান্না সব সময়ই বলত, ‘কী, তোমরা ভালো-মন্দ কিছু খাইছ?’ একই কথা বারবার বলত বলে আমার বাচ্চারা হাসত, মজা পেত। মান্না অনেক পরিশ্রমী শিল্পী ছিল। পরবর্তী সময় যে অবস্থান তার তৈরি হয়েছিল, তা তাকে কেউ করে দেয়নি। এটা ছিল ওর পরিশ্রমের ফসল। চলচ্চিত্রে কমবেশি সবাই নিজের ক্যারিয়ারের জন্য ফিল্মি পলিটিকস করত। মান্নাও তার বাইরে ছিল না। এ কারণে প্রায়ই তার সঙ্গে দ্বিমত হতো। ওর সঙ্গে আমি দুই বছরেরও কম সময় কাজ করেছি। এরপর চলচ্চিত্র থেকে বিদায় নিই। আমি এখন আবার সিনেমায় কাজ করছি। এফডিসিতে আসা-যাওয়া করছি। মান্নার কথা মনে খুব মনে পড়ে। মান্নাকে মিস করি। মান্নার মৃত্যুটা কারোরই কাম্য নয়। তার আত্মার মাগফিরাত কামনা করি। তাঁর পরিবার ও একমাত্র সন্তানের জন্য অনেক শুভ কামনা।