মান্নাত: শাহরুখ খানের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদনের মায়ানগর মুম্বাইতে পীঠস্থান ও বাসস্থান যেন মিলেমিশে একাকার। সিদ্ধিবিনায়ক, হাজী আলী, মাউন্ট মেরির সঙ্গে মুম্বাই দর্শনে জুড়ে গেছে জলসা, গ্যালাক্সি, মান্নাতের নামও। শাহরুখ খানের বাড়ির সামনে রোজ কিছু মানুষ ভিড় করে থাকেন। শুধু তাঁদের প্রিয় তারকাদের ক্ষণিকের দেখার অপেক্ষায়। কখনো দিন গড়িয়ে রাত হয়ে যায়। কখনোবা এই পথ চাওয়া শেষ হয়। শুধু একটু হাত নাড়া, এটুকুই পরম প্রাপ্তি। আর তা না হলে তারকাদের বাড়ির সামনে নিজেদের ক্যামেরাবন্দী করেই সার্থক তাঁদের মুম্বাই দর্শন। জানাচ্ছেন মুম্বাই প্রতিবেদক দেবারতি ভট্টাচার্য

একেই বলে চরম বৈপরীত্য। একদিকে প্রাসাদোপম বাড়িতে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও তাঁর পরিবার। আর ঠিক তার সামনেই কিছু মানুষের রোজকার বেঁচে থাকার চরম সংগ্রাম। তাই তাঁরা নিরুত্তাপ ‘মান্নাত’-এর অন্দর মহলের মানুষগুলোকে নিয়ে। অথচ তাঁদের নিয়েই রোজ পাতার পর পাতা লিখে চলেছে সংবাদপত্রগুলো, সামাজিক মাধ্যমে যাঁদের অনুরাগীর সংখ্যা লক্ষাধিক।

বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে বলিউডের কিং খানের ঠিকানা মান্নাত। মুম্বাই এসে মান্নাত দর্শন করেননি, এ রকম মানুষের সংখ্যা নেই বললেই চলে। একদিকে আরব সাগরের নিঃসঙ্গতা, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল মান্নাত। মনে হয় যেন আরব সাগরের বুকে আছড়ে পড়া ঢেউগুলো কোথাও সেলাম ঠুকে যায় হিন্দি চলচ্চিত্রের এই বেতাজ বাদশাকে।

শাহরুখ খান
শাহরুখ খান

কথা হচ্ছিল ফল বিক্রেতা কুসুমের সঙ্গে। আজ কুড়ি বছর তিনি এখানেই ফল বিক্রি করছেন। কিকো গান্ধির (মান্নাতের প্রথম মালিক) সাধারণ ‘ভিলা ভিয়েনা’কে একটু একটু করে শাহরুখের প্রায় দুই শ কোটির প্রাসাদ মান্নাত হতে দেখেছেন কুসুম। কুসুম বলেন, ‘শাহরুখ তো মাত্র কয়েক বছর এখানে এসেছেন। আমরা অনেক পুরোনো বাসিন্দা। আর সত্যি বলতে তাঁদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই।’ কুসুমের ঠিক পাশেই সিগারেটের দোকান রাহুলের। রাহুল বলেন, ‘আগে আমার দোকান থেকেই শাহরুখের বাড়িতে রোজ সিগারেট যেত। তাঁর কাছ থেকে চেকে পেমেন্ট পেতাম। এখন আর নেন না।’
কিং খানের প্রতিবেশী অ্যালেক্স বলেন, ‘আমরা প্রতিবেশী হয়েও শাহরুখকে শুধু ঈদ ও তাঁর জন্মদিনে দেখতে পাই। কাচতোলা গাড়িতে যাতায়াত করেন। এ ছাড়া বাইরে একদম দেখা যায় না তাঁকে। একবার জন্মদিনের সময় সবাইকে টি-শার্ট আর টুপি দিয়েছিলেন।’
ঈদ আর জন্মদিন, এই দুই দিনই ক্ষণিকের দেখার আশায় বলিউড সুপারস্টারের মান্নাতের সামনে ভিড় করে থাকেন তাঁর হাজার হাজার অনুরাগী। তবে এই দুই দিনই নয়, রোজই বলিউডের রইস-এর প্রাসাদের সামনে অগণিত মানুষের ভিড়। স্বপ্নের নায়ক নাই-বা মিলল। মান্নাতের সঙ্গে নিজেদের ক্যামেরাবন্দী করেই যে তাঁরা খুশি।