মান্নান হীরার 'একাত্তরের ক্ষুদিরাম'
মান্নান হীরা মঞ্চ আর ছোট পর্দায় কাজ করছেন অনেক বছর। তৈরি করেছেন দুটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবি দুটির নাম গরম ভাতের গল্প ও একাত্তরের রংপেনসিল। এবার তিনি শিশুতোষ গল্প নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন; নাম একাত্তরের ক্ষুদিরাম। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন মান্নান হীরা। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর এফডিসির ৩ নম্বর ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মান্নান হীরা বলেন, ‘একাত্তরের ক্ষুদিরাম ছবির গল্পটি শিশু-কিশোরদের নিয়ে। তাই ছবিতে এই শিল্পীরাই গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে থাকবেন বড়রাও।’
ছবিতে ‘একাত্তরের ক্ষুদিরাম’ চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী স্বচ্ছ। অন্য চরিত্রগুলোয় অভিনয় করবেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী প্রমুখ।
মান্নান হীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি বানানোর স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তবে সরকার যে পরিমাণ অনুদান দেয়, তাতে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। তার পরও আমি সাধ্যমতো চেষ্টা করছি।’