মামলা করলেন গার্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’কে কেন্দ্র করে লিবিয়া, ইয়েমেন, মিসরসহ মুসলিম বিশ্বে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী সিন্ডি লি গার্সিয়া। তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে—এমন অভিযোগে সম্প্রতি লস অ্যাঞ্জেলেস আদালতে চলচ্চিত্রটির প্রযোজকের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি। রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের ভিডিও ফুটেজ পোস্ট করায় ভিডিও-শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন গার্সিয়া। ১৯ সেপ্টেম্বর বুধবার লস অ্যাঞ্জেলেস আদালতে ১৭ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন তিনি। মামলার অভিযোগে গার্সিয়া দাবি করেছেন, মরু অভিযানের বিষয়বস্তু নিয়ে ‘ডেজার্ট ওয়ারিয়র’ চলচ্চিত্রের কথা বলে ইসলামবিরোধী এ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। শুটিংয়ের আগে বা পরে একটিবারের জন্যও বলা হয়নি, এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে চিত্রিত করা হবে।এভাবে প্রতারণা করায় চলচ্চিত্রের প্রযোজক ন্যাকোলা ব্যাসেলি ন্যাকোলার বিরুদ্ধে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন গার্সিয়া। তিনি জানান, মিথ্যা অপবাদে জড়িয়ে এখন তাঁর জীবন হুমকির মুখে। ইউটিউবে চলচ্চিত্রটির বিজ্ঞাপনচিত্র তুলে দেওয়ার পর এরই মধ্যে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এ জন্য ইউটিউব থেকে তা সরিয়ে ফেলার দাবিও তুলেছেন গার্সিয়া।প্রসঙ্গত, গত সপ্তাহে ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের একটি বিজ্ঞাপনচিত্র ইউটিউবে তুলে দেওয়া হয়। সেখানে মুসলমানদের জন্য অবমাননাকর ও নিন্দনীয় বিষয় চিত্রিত করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে হেয় করা হয়। নবীর কোনো ধরনের চিত্র অঙ্কন বা তাঁর চেহারার উপস্থাপন মুসলমানদের কাছে নিষিদ্ধ। অথচ মুসলমানদের বিশ্বাসে আঘাত হানতে চলচ্চিত্রটিতে মহানবী (সা.)-কে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটির খবর ছড়িয়ে পড়লে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সহিংসতা শুরু হয়। লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ আরও তিনজন মার্কিন নাগরিককে হত্যা করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি দূতাবাসগুলোতেও হামলা চালায় বিক্ষুব্ধ মুসলমানরা।