মামলা করলেন লিন্ডসে লোহান
‘হলিউডের প্রবলেম সেলিব্রিটি’ তকমা পাওয়া লিন্ডসে লোহানের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ‘মামলা’ শব্দটি। একের পর এক মামলায় জড়িয়ে নাজেহাল তিনি। সম্প্রতি আবার মামলাসংক্রান্ত খবরের শিরোনাম হয়েছেন এই ‘মিন গার্লস’ তারকা। তবে এবার তিনিই ১১ লাখ ডলারের মামলা ঠুকে দিয়েছেন একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী। ২০০৮ সালে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন লিন্ডসে। কিন্তু পরে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা ও নেকলেস চুরির মামলায় সাজা পান। এ জন্য চুক্তির শর্ত অনুযায়ী ন্যূনতম রয়ালটি নয় লাখ ডলার এবং মোট বিক্রির ১০ শতাংশ তাঁকে আর দেওয়া হয়নি। এক খবরে এমনটিই জানিয়েছে এইস শোবিজ। এ প্রসঙ্গে লিন্ডসের আইনজীবী পেরি সি ওয়ান্ডার বলেন, ‘ওই প্রতিষ্ঠানের কাছে আমরা লাখ লাখ ডলার পাব। কিন্তু পাওনা অর্থ না মেটানোর পাঁয়তারা করায় তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’ওয়ান্ডার আরও বলেন, ‘লিন্ডসে কখনোই ওই প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণায় অংশ নেননি—এমন খোঁড়া যুক্তি দেখিয়ে তাদের পাওনা না মেটানোর পাঁয়তারা কখনোই সফল হবে না। কারণ, চুক্তির কোথাও পণ্যের প্রচারণার বিষয়টি উল্লেখ করা হয়নি। কাজেই এ দায়দায়িত্ব লিন্ডসের নয়।’