মামলার খবর জানিয়ে বিপাকে সালমান
বিচারাধীন মামলার তথ্য ফাঁসের অভিযোগে সম্প্রতি বলিউডের অভিনেতা সালমান খানের বিরুদ্ধে মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে মামলা ঠুকে দিয়েছেন সমাজকর্মী হেমন্ত পাতিল। সালমানের বিরুদ্ধে ২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলার বিচার-প্রক্রিয়া চলছে। মামলাটি নিয়ে বিভ্রান্তিমূলক ও মানহানিকর নানা তথ্য প্রকাশিত হওয়ায় বেজায় চটেছেন খান সাহেব। বিষয়টির পুনরাবৃত্তি যাতে ঘটতে না পারে, সে জন্য সালমানখানফাইলসডটকম নামে একটি ওয়েবসাইট খুলে সেখানে মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। ব্যস, এভাবেই মামলার খবর জানাতে গিয়ে আরেক মামলার খপ্পরে পড়েছেন বেচারা সালমান।বিচারাধীন মামলার খুঁটিনাটি সব তথ্য সালমানখানফাইলসডটকম ওয়েবসাইটে প্রকাশ করার পর বান্দ্রা থানায় সালমানের বিরুদ্ধে অভিযোগ করতে যান সমাজকর্মী হেমন্ত পাতিল। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ না করায় পরে তিনি মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতের দ্বারস্থ হন। আদালত অবমাননার দায়ে সালমানের বিরুদ্ধে মামলা করেন হেমন্ত। হেমন্ত দাবি করেছেন, বিচারাধীন মামলা-সম্পর্কিত কোনো তথ্য ইন্টারনেটে প্রকাশের এখতিয়ার কারও নেই। সালমানের বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই মামলা-সম্পর্কিত নানা তথ্য জনসমক্ষে প্রকাশ করায় আদালতের রায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে বিদ্যমান আইন অনুযায়ী সালমান স্পষ্টতই আদালত অবমাননা করেছেন। ১৯৭১ সালের কনটেম্পট অব কোর্টস অ্যাক্ট লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।সালমানের নতুন ওয়েবসাইট সম্পর্কে তাঁর মুখপাত্র জানিয়েছেন, ‘সালমানখানফাইলসডটকম নামে নতুন একটি ওয়েবসাইট খুলেছি আমরা। সালমানের মামলাসংক্রান্ত সব তথ্য এই ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে চাইলে আগ্রহীরা এই ওয়েবসাইটেই তা পেয়ে যাবেন।’এ ছাড়া ওয়েবসাইটটিতে সালমান লিখেছেন, ‘আমার বিরুদ্ধে করা মামলা নিয়ে অসংগতিপূর্ণ ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এতে আমার ব্যক্তিগত ও পেশাজীবনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। মামলা সম্পর্কে সঠিক তথ্য সবার সামনে উপস্থাপনের জন্য আমি এই ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমার আইনজীবীরা মামলাসংক্রান্ত সর্বশেষ তথ্য এতে প্রকাশ করবেন। মামলা প্রভাবিত হতে পারে, এমন কোনো তথ্য কিংবা মন্তব্য আমরা প্রকাশ করব না।’সালমান আরও লিখেছেন, ‘আইন ও বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কাউকে প্রভাবিত করা নয়, মামলাসংক্রান্ত প্রকৃত তথ্য সবাইকে জানানোর তাগিদ থেকেই এ ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিয়েছি। মিডিয়ার প্রতি আমার অনুরোধ, মামলাসংক্রান্ত কোনো তথ্য প্রকাশের আগে আমার এ ওয়েবসাইট থেকে তথ্য যাচাই-বাছাইয়ের কাজটি যেন করা হয়।’প্রসঙ্গত, বলিউডে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি অসংযত জীবনযাপনের জন্য কুখ্যাতি আছে সালমানের। এ জন্য তিনি ‘ব্যাড বয়’ তকমাও পেয়েছেন। ২০০২ সালে মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে মামলা হয় তাঁর বিরুদ্ধে। ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চার ব্যক্তি। চলতি বছরের জানুয়ারি মাসে ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪(২) ধারায় সালমানের সাজা হওয়ার সম্ভাবনার কথা জানানো হয় আদালতের পক্ষ থেকে। গুরুতর এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড। বিষয়টি জানার পরপরই আপিল করেন সালমান। গত ২৪ জুন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেতার আপিল খারিজ করে দিয়ে মুম্বাই সেশন কোর্টের বিচারক ইউবি হেজিব জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪(২) ধারায় সালমানের বিচার কার্যক্রম চলবে। সালমানের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে এই অপরাধের শাস্তি হিসেবে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে তাঁকে। সালমানকে আদালতে হাজির হওয়ার জন্য এক মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।