মামলার হুমকি দিলেন ক্রুজের আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনকুইরার পত্রিকার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন হলিউডের অভিনেতা টম ক্রুজের আইনজীবী ব্রেট ফিল্ডস। পত্রিকাটির সাম্প্রতিক সংখ্যায় টম ক্রুজ এবং কেটি হোমসের বিচ্ছেদ নিয়ে বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগে এ মামলার হুমকি দেওয়া হয়েছে।এরই মধ্যে পত্রিকাটির প্রকাশনা সংস্থা আমেরিকান মিডিয়া ইঙ্ক বরাবর একটি চিঠি পাঠিয়েছেন ব্রেট ফিল্ডস। চিঠিতে তিনি লিখেছেন, ‘ন্যাশনাল এনকুইরার পত্রিকার বর্তমান সংখ্যায় টম ক্রুজকে নিয়ে অসংখ্য বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সম্মানের হানি হয়েছে। এ জন্য পত্রিকাটির বিরুদ্ধে কয়েক শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।’ এক খবরে এমনটিই জানিয়েছে দ্য টেলিগ্রাফ। উল্লেখ্য, পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত নেওয়ার দুই সপ্তাহ না পেরোতেই গত ৯ জুন বিয়ে বিচ্ছেদের কাগজে সই করেছেন টম ক্রুজ ও কেটি হোমস।