মামলায় ফাঁসছেন বিওন্সি
১০০ মিলিয়ন ডলারের মামলায় ফাঁসতে যাচ্ছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিওন্সি নোলস। শিগগিরই তাঁর বিরুদ্ধে এই মামলা করতে যাচ্ছে ভিডিও গেম কোম্পানি গেট ফাইভ। এরই মধ্যে এই মামলা দায়েরের জন্য ম্যানহাটন আদালতের বিচারক চার্লস রেমোসের কাছ থেকে সবুজ-সংকেতও পেয়ে গেছে কোম্পানিটি।‘স্টার পাওয়ার: বিওন্সি’ নামে একটি ভিডিও গেম তৈরির উদ্যোগ নিয়েছিল গেট ফাইভ। শুরুর দিকে এই প্রোজেক্টে বেশ উত্সাহ নিয়েই কাজ করার সম্মতি দেন বিওন্সি। ২০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করবেন বলেও জানিয়েছিলেন ৩০ বছর বয়সী এই গায়িকা। কিন্তু হঠাত্ করেই তিনি পিঠটান দেন। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।গেট ফাইভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর করবেন বলে সম্মতি দিয়েছিলেন বিওন্সি। এরই পরিপ্রেক্ষিতে সব রকম প্রস্তুতিও নিয়েছিল কোম্পানিটি। কিন্তু চুক্তি স্বাক্ষরের মাত্র তিন দিন আগে ৩ ডিসেম্বর হঠাত্ করেই এই প্রোজেক্টের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলে জানান বিওন্সি। এর ফলে ‘স্টার পাওয়ার: বিওন্সি’ প্রোজেক্টের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৭০ জন কর্মী ছাঁটাই করতেও বাধ্য হয় গেট ফাইভ।এদিকে বিওন্সির আইনজীবীরা দাবি করেছেন, এই প্রোজেক্ট থেকে সরে আসার অধিকার বিওন্সির ছিল। কারণ নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে পারিশ্রমিক দেওয়ার জন্য প্রস্তুত ছিল না গেট ফাইভ।