‘আমার মনে হয় না, ত্রিশোর্ধ্ব বয়সী কেউ এ ছবি দেখবে।’ দিল্লি বেলি মুক্তির আগে এ মন্তব্য করেছিলেন স্বয়ং ছবির প্রযোজক আমির খান। প্রবাদ আছে—আমির যেখানেই হাত দেন, সেখানেই ইদানীং সোনা ফলছে। এর প্রমাণ আমির খান প্রযোজিত লগান, তারে জামিন পার, জানে তু ইয়া জানে না, পিপলি লাইভ। প্রতিটি ছবিই সুপারহিট, নয়তো ব্লকবাস্টার হিট ব্যবসা করেছে। কিন্তু এসব ছবি থেকে দূরে সরে আমির এবার হেঁটেছেন অন্য পথে; নির্মাণ করেছেন প্রাপ্তবয়স্কদের জন্য হাসির ছবি। তাঁর ভাষায় ‘ডার্ক কমেডি’। আমিরের ভাষায়, ‘ছবির চিত্রনাট্য, সংলাপ যেহেতু ২১ থেকে ৩০ বছরের যুবকদের জন্য, তাই সরাসরি “অ্যাডাল্ট সার্টিফিকেট”-এর জন্য আবেদন করেছিলাম। সেন্সরও বিনা কর্তনে আমাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়েছে। “দিল্লি বেলি” মানে পেট খারাপ। ভারতবাসী পৃথিবীর যেখানেই যায়, পেট খারাপ হলেই বলে, “এই সেরেছে! দিল্লি বেলি।” সেখান থেকেই ছবির নাম দিল্লি বেলি।’বলিউড এখন দিল্লি বেলিজ্বরে ভুগছে। প্রথম সপ্তাহে আয় ৪০ কোটি রুপি। এরই মধ্যে ব্লকবাস্টারের পথে ছুটছে। কী আছে এই ছবিতে, যার কারণে বলিউডের প্রায় প্রত্যেক তারকা টুইটসের মাধ্যমে আমির ও তাঁর দলকে অভিনন্দন জানাচ্ছেন? বিপাশা বসুর নাকি হাসতে হাসতে চোখে পানি চলে এসেছিল। কঙ্কণা সেন শর্মা বলেন, এত দিনে বলিউড কিছুটা আধুনিক হয়েছে! প্রীতি জিনতা নাকি এ রকম হাসির ছবি অনেক দিন পর দেখলেন। লেখিকা শোভা দে অবশ্য বলেছেন, ‘দিল্লি বেলি যেকোনো সুস্থ মানুষের জন্য অপমান। ছবিটি দেখার পর সারা রাত বমি পেয়েছে।’ আমিশা প্যাটেলও ছবিটি দেখার পর কমলার জুস খাওয়া ছেড়ে দিয়েছেন। রামগোপাল ভার্মা বলেন, ‘দিল্লি বেলি আমার ধারার ছবি নয়। তবে খুব ভালো লাগছে, বলিউডে পরিবর্তনের হাওয়া লেগেছে।’ ১০ বছর আগে দিল চাহতা হ্যায় যেমন বলিউডের ধারাই বদলে দিয়েছিল, দিল্লি বেলিও তেমনি বলিউডে নতুন ধারার সূচনা করেছে। দিল্লি বেলির কাহিনিকার অক্ষত ভার্মা এ ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন ২০০৩ সালে। লস অ্যাঞ্জেলেসে স্ক্রিপ্টরাইটিং নিয়ে পড়ার সময় অক্ষত বলিউডের কাউকেই চিনতেন না। অনেক প্রযোজকের কাছ থেকে বিতাড়িত হয়ে অক্ষত একসময় আমির খানের বাড়িতেও স্ক্রিপ্টটি পাঠান। ২০০৫ সালে আমির খানের বিয়ের পর স্ত্রী কিরণ রাও একদিন ২০০ স্ক্রিপ্টের মধ্য থেকে মনের অজান্তেই দিল্লি বেলির স্ক্রিপ্টটা হাতে নেন। কিরণের অবিরাম হাসির শব্দ শুনে আমির চরম বিস্ময় নিয়েই তাঁর ঘরে হাজির হন। দেখেন, কিরণ হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। কিরণের স্ক্রিপ্ট পড়ার পর আমিরও আগ্রহী হন, কী আছে স্ক্রিপ্টে পড়ে দেখার। স্ক্রিপ্ট পড়া শেষ হতেই আমির আমেরিকায় অক্ষতকে ফোন করেন। ১৫ বার কাটাছেঁড়ার পর ২০০৬ সালে চূড়ান্ত হয় দিল্লি বেলির স্ক্রিপ্ট। শুরুতে পরিকল্পনা ছিল, দিল্লি বেলি শুধু ইংরেজি ভাষায় নির্মিত হবে। পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সুইডিশ রবার্টকে। শুরু হয় অডিশন। এক বছর অডিশনের পর পরিচালককেই বাদ দেওয়া হয়। অতঃপর বিজ্ঞাপনচিত্রনির্মাতা স্থপতি অভিনয় দেওকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ করা হয়। তিনি এসে শুরুতেই আমিরের ভাগনে ইমরান খানকে বাদ দেন। একটা সময় রণবীর কাপুরকেই চূড়ান্ত করে ফেলেন আমির খান। কিন্তু রণবীর সরাসরি আমিরকে ‘না’ করে দেন। রণবীরের যুক্তি, এ ছবিতে অভিনয়ের পর মা-বাবাকে নিয়ে দেখতে পারবেন না। শেষ পর্যন্ত আবার ইমরান খান। নয়টি অডিশন পার করে ইমরান খান, বীর দাসও কুনাল রায় কাপুরই নির্বাচিত হন ছবির তিন প্রধান চরিত্রে। ২০০৯ সালের মধ্যে ছবির শুটিং শেষ হয়ে গেলেও আমির খান চাননি, তাঁর হস্তক্ষেপ ছাড়া ছবিটি মুক্তি পাক। দেড় বছর সম্পাদনা, আবহসংগীত ও প্রচারণার পেছনে সময় ব্যয় করার পর এ বছরের ১ জুলাই মুক্তি পায় দিল্লি বেলি। একই সপ্তাহে মুক্তি পেয়েছিল ইমরানের দুটি হিট ছবি জানে তু ইয়া জানে না ও আই হেইট লাভ স্টোরি। মামা প্রযোজক বলে বাড়তি কোনো সুবিধাই পাননি ইমরান। ছবির শুটিং শুরু হওয়ার আগে প্রযোজক, পরিচালক এবং তিন অভিনেতা টানা ১০ দিন, ১০ ঘণ্টা করে এক ঘরে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে একসঙ্গে সময় কাটাতেন। শুটিংয়ের সময় বীর দাস, কুনালের সঙ্গে একই ভ্যানিটি ভ্যান ভাগাভাগি করে চলতে হয়েছে ইমরানকে। দিনে একবারের বেশি খেতে দেওয়া হতো না তাঁকে। ছবি মুক্তির এক মাস আগে ইমরান দিল্লি বদলি হয়ে গিয়েছিলেন। সেখানে গিয়েও ছবির প্রচারণা করতেন। ছবির দুটি সংস্করণ—হিন্দি ও ইংরেজি। হিন্দি সংস্করণে ছবি মুক্তির এক সপ্তাহ আগে অশ্লীল কথাবার্তা কমিয়ে দিয়েছিলেন আমির খান। আমিরের খুব শখ ছিল, কুনালের চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সে মুহূর্তে মোটা হওয়ার ঝুঁকিও তিনি নিতে চাননি। তাই ছবির আইটেম গান করেই সন্তুষ্ট থেকেছেন। দিল্লি বেলি নিয়ে বিতর্কও হচ্ছে বেশ। এ বছরের সবচেয়ে জনপ্রিয় গান ‘ভাগ ডি কে বোস’-এর ‘ডি কে বোস’ নামটি নাকি গীতিকার অমিতাভ ভট্টাচার্য চুরি করেছেন দিল্লির এক চিত্রশিল্পীর চিত্রকর্ম থেকে। অশ্লীল সংলাপের দায়ে অভিযুক্ত করে ছবিটি বাজেয়াপ্ত করেছে নেপাল সরকার। হুন্দাই গাড়িকে নিয়েও কৌতুক করা হয়েছে ছবিতে। তবে সবকিছু ছাপিয়ে বলিউডবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, পরিবর্তনের সূচনা করেছে দিল্লি বেলি—এটাই বা কম কিসে? রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট