মামাবাড়ি যাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তাই তাই তাই মামাবাড়ি যাই, মামি দিল দুধভাত পেট ভরে খাই...।’ছোটবেলার সেই ছড়া আজও আমাদের স্মৃতিতে অম্লান। সেই সঙ্গে যদি হয় পূজা-পার্বণ কিংবা কোনো উৎসবের আনন্দ, তা হলে তো জবাবই নেই। প্রতিদিন শুটিংয়ের নিরন্তর ব্যস্ততার মধ্যেও মামার বাড়ির স্মৃতির কথা ভোলেননি মিম। আর দুই দিন পরই তিনি পাড়ি দিচ্ছেন মামাবাড়ির উদ্দেশে। তবে এ পাড়ি দেওয়া দুধভাত খেতে নয়। যাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে মামাবাড়িতে স্বজনদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে। সারা দিনের শুটিংয়ের ব্যস্ততা আর ক্লান্তির ফাঁকে মামাবাড়ির পূজার আনন্দ বারবার উঁকি দিচ্ছিল তাঁর মনের জানালায়। টিকাটুলির রোজ গার্ডেন শুটিং বাড়ি। শুটিং চলছিল ঈদের নাটকের। নাটকের নাম বিনোদিনী। বিনোদিনী চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। রূপসজ্জা কক্ষে সাজ নিচ্ছিলেন। হঠাৎ মুঠোফোনটা বেজে উঠল। ফোন ধরলেন তিনি। খানিকটা নীরবতা শেষে বিনয়ের সুরে বললেন, ‘আমি পূজার সময় শুটিং করব না। রাজশাহীতে মামাবাড়ি যাব পূজা পালন করতে।’ কৌতূহল জাগল মনে। মামাবাড়িতে পূজা পালনের পেছনের গল্প কী। শুরু হলো আলাপচারিতা। মিম জানালেন, ছোটবেলা থেকেই মামার বাড়িতে তাঁর পূজার অনেক স্মৃতি রয়েছে। জানতে চাইলাম সেই সময়ের ছোট মীমের পূজার স্মৃতির কথা। ‘দুই মামা-মামি আর মামাতো ভাইবোনদের সঙ্গে পূজার আনন্দে মেতে উঠতাম। পূজার নতুন জামাকাপড় নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতাম। ছল করে অন্যদের পোশাকটি দেখে ফেলতাম কিন্তু নিজের পোশাকটা সব সময় লুকিয়ে রাখতাম। পূজার দিন খুব ভোরে ঘুম থেকে উঠতাম। নতুন জামাকাপড় পরে অপেক্ষা করতাম কখন মন্দিরে যাব। আমাদের একটা নিজস্ব মন্দির আছে। নাম পাল মন্দির। পাড়ার নামানুসারে মন্দিরের নামকরণ করা হয়েছে।’ পূজার দিনগুলোতে সমবয়সীদের সঙ্গে দল বেঁধে পাড়ার মন্দিরে মন্দিরে ঘোরাফেরা, সিঁদুর খেলায় মেতে ওঠা, প্রতি সন্ধ্যায় আরতি সাজানো নিয়ে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করা, মেলায় যাওয়া, পদ্মায় প্রতিমা বিসর্জন, নৌকাবাইচ দেখতে যাওয়া—সবকিছুতেই ছিল ছোট মিমের ক্লান্তিহীন আনন্দ। চলে এলাম এ সময়ের দর্শক ও ভক্তপ্রিয় বড় মিমের কাছে। এখন পূজার আনন্দ ও অভিজ্ঞতা কেমন? মৃদু হাসিমাখা একটা দীর্ঘশ্বাস। কারণ, ছোটবেলার পূজার আনন্দ এখন তাঁর কাছে শুধুই স্মৃতি। ইচ্ছা থাকলেও সুযোগ নেই ছোটবেলার মতো পূজার আনন্দে মেতে ওঠার। তাঁর সামাজিক অবস্থান কিছুটা সংকুচিত করে দিয়েছে তাঁর বিচরণক্ষেত্রকে। এসবের পরও মিমের আনন্দ কতখানি এই পূজাকে ঘিরে? ‘মামার বাড়িতে পৌঁছাতেই পাড়ার লোকজনের ভিড় জমে যায় বাড়ির উঠোনজুড়ে। সবার ইচ্ছে কাছ থেকে আমাকে একটু দেখবে, কথা বলবে, পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, এসব। মন্দিরে গেলেও একই চিত্র। সবার দৃষ্টি আমার দিকে। সবার ভালোবাসার জবাব দিতে গিয়ে হিমশিম খাই’—হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন মিম। ‘একবার পূজার সময় ঘটল এক অন্য রকম ঘটনা। সকালে বাড়ির দোতলার একটি ঘরে আমি ঘুমাচ্ছিলাম। খুব চিৎকার-চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখি উঠোনজুড়ে মানুষ আর মানুষ! আমাকে দেখামাত্রই একজন বলে উঠল, ‘তখন তো অনেক এসএমএস করে আপনাকে জিতিয়ে এনেছি। আমাদের ভোটে লাক্স সুপারস্টার হয়েছেন। এখন দেখা করেন না কেন? নিচে নেমে আসেন!’মানুষের এই ভালোবাসা ভুলতে পারেন না মিম।