মামাবাড়িতে অজয় চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ নভেম্বর শুরু হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’। ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত চার দিনের এ উৎসবে অংশ নিতে গতকাল সোমবার সকালে কলকাতা থেকে ঢাকায় এসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। সঙ্গে আরও এসেছেন তাঁর মা জয়ন্তী চক্রবর্তী, স্ত্রী চন্দনা চক্রবর্তী ও ছেলে অঞ্জন চক্রবর্তী। হোটেলে নয়, পণ্ডিত অজয় চক্রবর্তী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা চলে যান কিশোরগঞ্জের কটিয়াদীর মসুয়া গ্রামে, তাঁর মামাবাড়ি ‘কবিরাজ বাড়ি’তে। তিনি মামাবাড়ি এসে পৌঁছান বেলা দেড়টা নাগাদ। এ সময় কবিরাজ বাড়িতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মামাবাড়ি পৌঁছানোর পর নাড়ু দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। কিছুক্ষণ বিশ্রামের পর কথা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে। তিনি বললেন, ‘বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রথম মামাবাড়ি এসেছিলাম ১৯৮৯ সালে। অনেক বছর পর এবার এসে খুব ভালো লাগছে। মায়ের জন্মভূমি বলে কথা।’অজয় চক্রবর্তী আরও বললেন, ‘এখন থেকে বাংলাদেশে আমি নিয়মিত আসব। সারা দেশে বিভিন্ন জেলায় ঘুরব। ছেলেমেয়েদের শাস্ত্রীয় সংগীতচর্চার ব্যাপারে উদ্বুদ্ধ করব। তাদের শেখাব।’পণ্ডিত অজয় চক্রবর্তীর ঠাকুরদার বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলের মুষুল্লী গ্রামে। এটা বড়বাড়ি নামে পরিচিত। অজয় চক্রবর্তী জানান, আজ মঙ্গলবার সেখানেও যাওয়ার ইচ্ছা আছে তাঁর। এরপর বুধবার তাঁরা ঢাকায় ফিরবেন। বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো।