মামুন থেকে ঘেটুপুত্র কমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সাল। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন হুমায়ূন আহমেদ। কিন্তু ‘ঘেটুপুত্র কমলা’ চরিত্রের জন্য একটি ছেলে দরকার। আর তাকে যে মেয়ে সাজতে হবে। নাচ জানা থাকলে তো আরও ভালো। কে হবে ‘ঘেটুপুত্র কমলা’? এবার খোঁজার পালা।ছবির আরেকজন অভিনয়শিল্পী মুনমুন আহমেদ। তিনি নৃত্যশিল্পী। নৃত্যগুরু। তাঁর অনেক ছাত্রছাত্রী। তাদের মধ্য থেকে যদি তেমন কাউকে পাওয়া যায়। চেষ্টা হলো। না, পাওয়া যায়নি। কোনো ছেলেই নাকি রাজি হয়নি। এগিয়ে এলেন ছবির আরেকজন অভিনয়শিল্পী, শামীমা নাজনীন। তিনি নিয়ে এলেন চারজন ছেলে। ওদের বয়স ১০ থেকে ১১ বছর।হুমায়ূন আহমেদ বসলেন তাদের নিয়ে। পরীক্ষা! ওদের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকের হাতে ধরিয়ে দিলেন একটি করে সাদা কাগজ। বললেন, ‘মনে করো, এই কাগজে মজার কথা লেখা আছে। লেখাটা পড়ে তোমরা হাসো।’সবাই হো হো করে হেসে উঠল।এবার হুমায়ূন আহমেদ বললেন, ‘এই কাগজে কোনো দুঃখের কথা লেখা আছে। এবার এটি পড়ে কান্না করো।’মুহূর্তেই কেঁদে ফেলল একটি ছেলে। অভিনয় নয়, একবারে সত্যি সত্যি কান্না। পাশ থেকে হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন চিৎকার করে বললেন, ‘আমাদের আর্টিস্ট পেয়ে গেছি।’ছেলেটির নাম মামুন। মামুন নয়, অনেকের কাছেই এখন তার পরিচয় ‘ঘেটুপুত্র কমলা’। শুটিংয়ের পুরো সময়টাতে হুমায়ূন আহমেদ থেকে শুরু করে সবাই তাকে কমলা নামেই ডেকেছেন। শুটিংয়ে ফাঁকে তাকে নিয়ে অনেক মজা হতো। বন্ধুরাও এখন তাকে ডাকে কমলা নামে। বিরক্ত নয়, ব্যাপারটি উপভোগ করছে মামুন।গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা।পাওয়া গেল ‘ঘেটুপুত্র কমলা’কে। নিশ্চিন্ত হলেন হুমায়ূন আহমেদ। আগেই চূড়ান্ত হয়েছে শুটিংয়ের লোকেশন। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর থানায় হাওর অঞ্চলে হরিপুর জমিদারবাড়িতে হবে শুটিং। শুটিং হবে ভরা বর্ষায়। হবে হাওর শুকিয়ে যাওয়ার সময়ও। নুহাশপল্লীতে তৈরি হলো জমিদারবাড়ির অভ্যন্তরের সেট।মামুন। বয়স ১৩। শ্যামলীতে আসাদুজ্জামান ইনফ্যান্ট অ্যাকাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র। বাবা কাইয়ুম খান আনসার কমান্ডার। মা মারা গেছেন গত বছর। দুই ভাই আর তিন বোনের মধ্যে মামুন সবার ছোট।মামুনের সঙ্গে আড্ডা হবে। গত রোববার সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে তাকে আমন্ত্রণ জানানো হলো। মামুন এসেছে। সঙ্গে বড় ভাই, তিনি ভাড়ায় গাড়ি চালান।ছোট পর্দার দর্শক মামুনকে প্রথম দেখেছে বিজ্ঞাপনচিত্রে, বাংলালিংকের দিনবদলের পালায়। পরিচালক ছিলেন অমিতাভ রেজা। তা বছর পাঁচ-ছয়েক আগের কথা। এরপর মামুন সুযোগ পায় টিভি নাটকে, সালাহউদ্দিন লাভলুর আনন্দধাম ধারাবাহিকে। পরপর আরও অনেক নাটকে কাজ করেছে মামুন। এর মধ্য থেকে আবুল হায়াতের আলো আমার আলো ধারাবাহিকটির কথা আলাদাভাবে বলল মামুন। ওই নাটকের শুটিংয়ে টানা এক মাস থাকতে হয়েছে গাজীপুরের হোতাপাড়ায় খতিব খামারবাড়িতে। সঙ্গে ছিল বোন সোমা। ওই নাটকে সে-ও অভিনয় করেছিল।সোমার হাত ধরেই নাটকে অভিনয় শুরু মামুনের, টোকাই নাট্যদলে। ১০ বছর ধরে এই দলে নাটক করছে মামুন। অভিনয় করেছে মঞ্চে অসংখ্য নাটকে। শুধু অভিনয় নয়, মামুন ভালো গান গায়। বাজাতে পারে তবলা, হারমোনিয়াম, কি-বোর্ড, ড্রামস, অক্টোপ্যাড, নাল, কঙ্গো ও মন্দিরা। আলাদা করে একটি নাম লেখার জন্য অনুরোধ করল মামুন। শেখ মেহেদী হাসান, টোকাই নাট্যদলের প্রধান। মামুন বলল, ‘যা শিখেছি, এর প্রায় সবই তাঁর কাছ থেকে।’মামুনের প্রথম চলচ্চিত্র শফিকুল ইসলামের ওপারে আকাশ। এরপর আরও অভিনয় করেছে মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, আবু সুফিয়ানের বন্ধু মায়া লাগাইছে, শাহাদাৎ হোসেনের ভাড়াটে খুনি এবং সর্বশেষ হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলাতে।হুমায়ূন আহমেদের কথা উঠতেই মামুন বলল, ‘স্যার আমাকে খুব আদর করতেন। শুটিংয়ের সময় প্রায়ই রাতে আমাকে সঙ্গে নিয়ে বাইরে হাঁটতেন। নেত্রকোনায় স্যারের একটা স্কুল আছে। তিনি আমাকে সেখানে ভর্তি করতে চেয়েছিলেন। অনেক দূর, তাই আম্মু তখন রাজি হননি।’মায়ের সব আদর ছিল মামুনের জন্য। মাঝেমধ্যে নিজেই নিয়ে যেতেন শুটিংয়ে। নুহাশপল্লীতে গিয়েও দেখেছেন ছেলের অভিনয়। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রটি দেখার খুব ইচ্ছে ছিল তাঁর। পারেননি। দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগেছেন তিনি। মৃত্যুর আগের মুহূর্তে দেখতে চেয়েছিলেন মামুনকে। কিন্তু মামুন তখন ঢাকার বাইরে নাটকের শুটিংয়ে ব্যস্ত। তার কাছে যখন খবর পৌঁছায়, তখন মা আর নেই।মাকে খুব মনে পড়ে। বেশি মনে পড়ে স্কুলে টিফিনের সময়। সবাই তখন খেলা করে, আড্ডা দেয়, মামুন তখন একটু দূরে হেঁটে বেড়ায় আপন মনে। আবার মনে পড়ে রাতে ঘুমানোর সময়। মায়ের মতো আর কেউ তার মাথায় হাত বুলিয়ে দেয় না। ২৮ সেপ্টেম্বর মায়ের প্রথম মৃত্যুদিবস। ঘেটুপুত্র কমলা মুক্তি পেয়েছে, মাকে এখনো বলা হয়নি। মামুন বলল, ‘আগামী দু-এক দিনের মধ্যেই বড় কাউকে সঙ্গে নিয়ে আম্মুর কবরটা দেখতে যাব, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। অনেক প্রশংসা পাচ্ছি। খবরটা আম্মুকে জানাতে হবে।’চোখ দুটি ভিজে যায় মামুনের। অভিনয় নয়, সত্যি সত্যি।