মামুনুর রশীদের অন্তর-বাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার একুশে পদক পেলেন মামুনুর রশীদ। সংস্কৃতিসেবী হিসেবে মানুষের স্বীকৃতি পেয়েছে অনেক আগেই। শিল্পের প্রতি দায়বদ্ধতার রাষ্ট্রীয় স্বীকৃতি এটা। এই স্বীকৃতি নিয়ে তাঁর অনুভূতি মিশ্র। সে প্রসঙ্গে না গিয়ে আমরা বরং মামুনুর রশীদের অন্তর-বাহিরে একটু ঘুরে আসি। জন্ম ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি। অর্থাৎ চার বছর অন্তর একবার করে ফিরে আসে জন্মদিন। গতকাল ছিল তাঁর জন্মদিন। একুশে পদকপ্রাপ্তির অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানাই তাঁকে।টাঙ্গাইলের পাইকড়া গ্রামে মাতুলালয়ে জন্ম তাঁর। বাবার ছিল সরকারি চাকরি, তাই দেশের বিভিন্ন জেলায় স্কুল-কলেজ। পলিটেকনিক থেকে ডিপ্লোমা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ, এমএ। কলেজে পড়ার সময়ই একটি একাঙ্কিকা লিখেছিলেন, নির্দেশনাও দিয়েছিলেন। ১৯৬৭ সাল থেকেই নাটক লিখতে শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে। শহীদুল্লা কায়সারের সংশপ্তক নাটকের প্রথম নাট্যরূপ দিয়েছিলেন তিনি।শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, লেভ তলস্তয়, দস্তয়েভস্কির লেখা বারবার পড়তে পছন্দ করেন। একালে ওরহান পামুক তাঁকে টানছে ভীষণ। সেই সঙ্গে অমিতাভ ঘোষ, পাওলো কোয়েলোও আছেন পছন্দের তালিকায়। যাঁদের অভিনয় দেখে মুগ্ধ হন, তাঁদের মধ্যে আছেন ডাস্টিন হফম্যান, আল পাচিনো, সোফিয়া লোরেন, অড্রে হেপবার্ন। ভারতের স্মিতা পাতিল আর নাসিরুদ্দিন শাহর অভিনয়ও ভালো লাগে। আর হ্যাঁ, পিটার ওটুল, গ্রেগরি পেককেও তালিকার বাইরে রাখা যাবে না।কবিতা পড়ার প্রতি আগ্রহ ছিল, আছে, থাকবে। জীবনানন্দ দাশ, সুকান্ত, নাজিম হিকমত, ডব্লিউ বি ইয়েটস, বায়রন পছন্দের কবি। রফিক আজাদ, আবুল হাসান, নির্মলেন্দু গুণের কবিতাও ভালো লাগে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখনীশক্তিতে বিমোহিত হন এখনো।চলচ্চিত্রের বেশ কিছু দৃশ্য চোখে লেগে আছে। পথের পাঁচালী ছবির দুটি দৃশ্যের কথা বললেন। টেলিগ্রাফের থামে অপু কান পেতে আছে। এ যেন বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বনি শোনার চেষ্টা। এই একই অনুভূতি অনেকের মতো মামুনুর রশীদেরও আছে। আরেকটি দৃশ্য হলো, বহুদিন পর বাবা ফিরে আসার পর মা যখন দুর্গার মৃত্যুসংবাদ দিচ্ছেন, সেটি। ব্যালাড অব এ সোলজার ছবির শেষ দৃশ্যে যেখানে মা ‘আলিওশা’ বলে চিৎকার করে ছুটে আসছেন—সে দৃশ্যটিও ভুলতে পারেন না।মামুনুর রশীদ বারবার বলেন শিল্পের প্রতি দায়বদ্ধতার কথা। মঞ্চের কাছাকাছি মানুষ তিনি। তবে টেলিভিশনে অভিনয় করার সময়ও চরিত্রের প্রতি সুবিচার করার চেষ্টা করেন।গুণী এই শিল্পীর দীর্ঘ শিল্পিত জীবন কামনা করি আমরা।