মামুনুর রশীদের একক অভিনয়
প্রথমবারের মতো মঞ্চে একক অভিনয় করবেন মামুনুর রশীদ। নাটকের নাম দ্য ডিসটেন্ট নিয়ার। মামুনুর রশীদ জানালেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেক্সপিয়ারকে নিয়ে যুগলবন্দী গল্প। নাটকটি লিখেছেন শহীদুল মামুন। নাটকটি যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির ও আজাদ আবুল কালাম। স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী এডিনবরা ফ্রিনজ থিয়েটার উৎসবে ২২ থেকে ২৮ আগস্ট প্রতিদিনই মঞ্চস্থ হবে নাটকটি। মামুনুর রশীদ বললেন, ‘ঊনবিংশ শতাব্দীর বাংলা নাট্যকার ও লেখকেরা শেক্সপিয়ারের দ্বারা দারুণ প্রভাবিত হয়েছিলেন। শেক্সপিয়ারের সাহিত্যের বিভিন্ন চরিত্রের নাম এখনো খুব পরিচিত। আর রবীন্দ্রনাথের কথা তো বলে শেষ করা যাবে না। এই দুই কবির মধ্যে সম্পর্ক আবিষ্কারের এক সৃজনশীল প্রচেষ্টা চালানো হয়েছে এই নাটকে।’ মামুনুর রশীদ আরও বলেন, ‘অনেক দিন ধরেই এডিনবরা উৎসবে নাটক নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু অনেক ব্যয়সাপেক্ষ হওয়ার কারণে তা সম্ভব হয়নি। কারণ, আরণ্যকের নাটকগুলোতে শিল্পীসংখ্যা বেশি। কিন্তু দ্য ডিসটেন্ট নিয়ার নাটকের সদস্যসংখ্যা মাত্র তিনজন বলে সুযোগটি পাওয়া গেল।’