
কার্ল মার্ক্সের ১৯৯তম জন্মদিন ছিল ৫ মে ২০১৭। এ দিন শিল্পকলা একাডেমির ১ নম্বর মহড়াকক্ষে বাঙলা থিয়েটার থেকে কার্ল মার্ক্স ইন সোহো নামক এক চরিত্র ও এক দৃশ্যের একটি স্বল্পদৈর্ঘ্যের নাটকের পাণ্ডুলিপির পাঠাভিনয় করেন মামুনুর রশীদ। হাওয়ার্ড জিন রচিত নাটকটির ভাষান্তর করেছেন জাভেদ হুসেন। দারুণ দক্ষতা দেখিয়েছেন অনুবাদক। অসাধারণ বাচিক অভিনয়কর্মের মাধ্যমে দর্শককুলকেও আবিষ্ট করে রেখেছেন মামুনুর রশীদ। বাংলাদেশে এই প্রথম একটি নাটকের পাণ্ডুলিপির পাঠাভিনয় দর্শনীর বিনিময়ে দর্শক দেখতে-শুনতে পেল। বলা প্রয়োজন, নাটকটি মিনিমালিস্ট অ্যাপ্রোচ থেকে করা।
১৯৯০ সালের দিকে এই অ্যাপ্রোচ থেকে রেপার্টরি থিয়েটার চর্চা শুরু হয়। মামুনুর রশীদ, এস এম সোলায়মান প্রমুখ এই ধারার নাট্যচর্চার সূচনা করেন। মামুনুর রশীদ ‘বাঙলা থিয়েটার’ শীর্ষক একটি রেপার্টরি থিয়েটার গঠন করে মানুষ নামের একটি প্রযোজনা মঞ্চস্থ করেন। সেই থেকে অনেক আয়োজন এবং বেশি ভাড়ার মিলনায়তনের পরিবর্তে কম ভাড়ার মিলনায়তন বা বড় কামরায় নাটক করা শুরু হয়, যাকে ‘মিনিমালিস্ট থিয়েটার’ বলে অভিহিত করা যায়।
তারপর দীর্ঘ বিরতি দিয়ে হলেও কিছুদিন আগে মামুনুর রশীদ বাঙলা থিয়েটার থেকেই দ্য ডিস্টেন্ট নিয়ার ও অমানুষ বলে মিনিমালিস্ট অ্যাপ্রোচে দুটি প্রযোজনা মঞ্চে এনেছেন। এবার ঠিক নাটক নয়, নাটকের পাণ্ডুলিপির পাঠাভিনয় করলেন। এই অভিনয়যজ্ঞের সেট মিনিমাল অবজেক্ট-অরিয়েন্টেড। একটি টেবিল ও একটি চেয়ার। সাধারণ প্যান্ট-শার্ট পরা কার্ল মার্ক্সরূপী মামুনুর রশীদ। মেকআপ বলতে কিছু নেই। একটিমাত্র স্পটলাইট অভিনয়শিল্পীর ওপর পড়া। এখানে দর্শক শুধু একজন তাকিয়ে থাকা মানুষ নন, টিকিট কেটে মিলনায়তনে প্রবেশ করা অন্ধকারে বসা নির্লিপ্ত সত্তার অধিকারী একজন নন, বরং তাঁরা উপস্থাপিত নাট্যযজ্ঞের একেকজন সমালোচক হয়ে ওঠেন।
এর প্রধান কারণ নাটকটির বিষয় আমাদের বর্তমান সমাজকাঠামো ও বিশ্বব্যবস্থায় প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। কার্ল মার্ক্সের ব্যক্তিজীবন ও তাঁর সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক দর্শনকে ঘিরে নাটকটি আবর্তিত। নাটকটি যতই এগোয়, ততই মার্ক্সের নিজের জীবনদর্শন ও বিশ্ববীক্ষা একসময় দর্শকের নিজের বলে মনে হতে থাকে!। কার্ল মার্ক্স নিজেই এ নাটকের প্রধান চরিত্র, তিনিই বর্তমান সমস্যা-জর্জরিত পৃথিবীতে ফিরে এসেছেন। নিজে মঞ্চে উপস্থিত হয়ে তাঁর মানবিক দর্শনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খুন করেন এবং একই সঙ্গে তাঁর দর্শনের আলোকেই যে সমাজে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগ্রাম করে যেতে হবে, সে সত্য নানা ঘটনা-তথ্য দিয়ে সম্মুখবর্তী করেন।
পুঁজিবাদ যে ব্যক্তি-পরিবার-সমাজ-রাষ্ট্র পরিসরে শোষণ-অসাম্য-অনন্বয়-বিচ্ছিন্নতাবাদ তৈরি করে, তা এ নাটকে বুদ্ধিদীপ্ত ও কৌতুকপূর্ণ সংলাপের ভেতর দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। বস্তুত শ্রমিকতাই যে মানবীয়তা—এ কথাই নাটকটি শ্রবণে দর্শক মননে জায়গা করে নেয়। দর্শক নিজেই তখন একেকজন কার্ল মার্ক্স হয়ে ওঠে—নাটকটি দর্শন-শ্রবণের সময় আমার অন্তত এমতো অনুভূতি জন্মেছে। এ নাটকে কার্ল মার্ক্স বলছেন যে, শিল্প তথা অসৎ ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যই পুঁজিপতিরা বিশ্বজুড়ে যুদ্ধ বাধিয়ে রাখে। কথাটি কি আজকের সময়ের জন্যও প্রাসঙ্গিক নয়? চ্যাপলিন ঠিক মার্ক্সের এই বিবেচনাটিই তাঁর ‘মঁসিয়ে ভের্দু’তে প্রধান বক্তব্য হিসেবে এনে বলতে চেয়েছেন যে যত দিন ব্যবসা থাকবে, তত দিন ‘যুদ্ধ’ও থাকবে। হাওয়ার্ড জিনও মার্ক্সের সেই বক্তব্যটিই এই নাটকে এনেছেন, যা আমাদের ভাবিয়ে তোলে।
মিনিমালিস্ট থিয়েটার যে অর্থনৈতিকভাবেও সচ্ছল হয়ে উঠতে পারে, তার উদাহরণ এই পাঠাভিনয়। মাত্র পাঁচ শ টাকা মহড়াকক্ষের ভাড়া। একটি মঞ্চায়নে ১০০ জন দর্শক আর ৫০ টাকা টিকিটের মূল্য হলে ৫ হাজার টাকা টিকিট বিক্রি বাবদ আয়। পরপর দুটি মঞ্চায়ন করলে ১০ হাজার টাকা আয়। এখানেই মিনিমালিস্ট থিয়েটারের শক্তির দিকটি নিহিত। মিনিমালিস্ট থিয়েটার কনসেপ্টটি নাট্যে-পাওয়াদের সামনে নতুন একটি পথ খুলে দিয়েছে। বাংলাদেশে চর্চিত গ্রুপ থিয়েটার কনসেপ্টের ভেতর থেকেই মিনিমালিস্ট থিয়েটারের কনসেপ্টটির জন্ম হয়েছে। এরা একে অন্যের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়। গ্রুপ থিয়েটারচর্চার পাশাপাশি মিনিমালিস্ট থিয়েটারের চর্চাও যে চালিয়ে যেতে হবে, তা আলোচ্য প্রবন্ধধর্মী নাট্যপ্রয়াসটি জানান দেয়।
মামুনুর রশীদ প্রদর্শিত পথ ধরে আরও অনেকে মিনিমালিস্ট অ্যাপ্রোচ থেকে পাঠাভিনয়ের আয়োজন করবেন এবং সমাজের নানা অসংগতি তুলে ধরে দর্শকের চেতনার স্তরের উন্নতি ঘটাবেন, এ আশা করাই যায়। বস্তুত একটা সমাজে ইতিবাচক পরিবর্তন তখনই হয়, যখন জনগণের চেতনার স্তর ওই পরিবর্তনকে ধারণ করার জন্য প্রস্তুত থাকে। এই প্রস্তুতির কাজে মামুনুর রশীদের মতো অন্য নাট্যকর্মীদেরও এগিয়ে আসা দরকার, এখনই।