মামুনুর রশীদের নাটক
এটিএন বাংলায় একসময় ‘আবদুল্লাহ আল-মামুনের আধঘণ্টা’ নামে একটা চাংক ছিল। আবদুল্লাহ আল-মামুনের লেখা ও পরিচালনায় তৈরি ধারাবাহিক নাটক দেখানো হতো এতে। তাঁর মৃত্যুর পর চাংকটি বন্ধ হয়ে যায়। এবার একই চ্যানেলে শুরু হচ্ছে ‘মামুনুর রশীদের নাটক’ নামে আরেকটি চাংক। এরই মধ্যে এই চাংকের জন্য ১৩ পর্বের নাটক তৈরি করেছেন মামুনুর রশীদ। মামুনুর রশীদ বললেন, ‘এই চাংকের জন্য আমার প্রথম ধারাবাহিকটির নাম কোনো এক কাকডাকা ভোরে। এর গল্পটি গোয়েন্দা ধাঁচের। গ্রামে একটি মেয়ের মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। শুরু হয় তদন্ত। ময়নাতদন্ত থেকে জানা যায়, মেয়েটিকে হত্যা করা হয়েছে। তদন্ত মোড় নেয় নতুন দিকে।’গোয়েন্দা গল্প নিয়ে ধারাবাহিক তৈরিতে আগ্রহী হওয়ার ব্যাপারে মামুনুর রশীদ বললেন, ‘বিটিভির প্রথম প্যাকেজ ধারাবাহিক ছিল শিল্পী। ওটা আমারই ছিল। সেটাও রহস্য-গল্প নিয়ে। গোলাম মোস্তফা, সুবর্ণা মুস্তাফা, আমিসহ অনেকেই ওই নাটকে অভিনয় করেছিলাম। সেটা খুব আলোচিত হয়েছিল। গোয়েন্দা কিংবা রহস্য-গল্প নিয়ে কাজ করার আলাদা একটা মজা আছে।’মামুনুর রশীদ আরও বললেন, ‘আমার নিজের নাটকের ভাবনার ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে। এত দিন বাস্তবভিত্তিক গল্প নিয়েই বেশি কাজ করেছি। কিন্তু এবার নাটক নিয়ে নিরীক্ষা করছি। দর্শকদের নতুন কিছু দিতে চাইছি।’মামুনুর রশীদ জানান, এই চাংকের জন্য তাঁর পরের ধারাবাহিকটির নাম বৃষ্টি। মে মাস নাগাদ সিলেটে নাটকটির কাজ করবেন। এই চাংকের জন্য তাঁর ধারাবাহিকগুলোর প্রতিটির দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৩ পর্ব। তবে এর কমবেশিও হতে পারে। এটিএন বাংলার সহকারী ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান জানান, একটি চাংক মামুনুর রশীদের নাটকের জন্য চূড়ান্ত হয়েছে। তাঁর নাটক চ্যানেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরই তা প্রচারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।