
মানুষের দৈহিক লয় আছে। কিন্তু মানুষ যে কর্ম রেখে যায়, যে সুবাতাস রেখে যায়, তার মৃত্যু নেই। আবদুল্লাহ আল-মামুনেরও মৃত্যু নেই। অষ্টম প্রয়াণ দিবসে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এমনই কথা উঠে আসে স্মৃতিচারণায়।
গতকাল রোববার সন্ধ্যায় আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আয়োজনে ছিল আবদুল্লাহ আল-মামুনকে নিয়ে স্মৃতিচারণা ও প্রথম পার্থ নাটকের রজতজয়ন্তী অনুষ্ঠান। এতে আবদুল্লাহ আল-মামুনকে নিয়ে স্মৃতিচারণা করেন মঞ্চাভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তিনি বলেন, ‘যদি আবদুল্লাহ আল-মামুন আমার নাট্যজীবনে না আসতেন, তাহলে আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। এটা আমি ১০০ ভাগ বিশ্বাস করি। অগ্রজ শহীদ মুনীর চৌধুরী এবং পরবর্তী সময়ে আবদুল্লাহ আল-মামুন আমাকে নাটকে নিয়ে এসেছেন। এই দুজন লোককে মনে রেখেই নাটক করছি।’
আতাউর রহমান বলেন, ‘মানুষের দৈহিক লয় আছে। কিন্তু মানুষ যে কর্ম রেখে যায়, যে সুবাতাস রেখে যায়, যে মানুষটি সমাজে দেশলগ্ন, মানুষলগ্ন, থিয়েটার-লগ্ন, তার কিন্তু মৃত্যু নেই। এই যে আজকে মামুনের অষ্টম প্রয়াণ দিবস, এটাকে উদ্যাপনই মনে হচ্ছে।’
স্মৃতিচারণা শেষে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী মঞ্চস্থ করে বুদ্ধদেব বসুর প্রথম পার্থ নাটকটি। শিল্পকলার স্টুডিও থিয়েটারেও ছিল তাঁকে নিয়ে স্মরণানুষ্ঠান। নাট্যম রেপার্টরির আয়োজনে সেখানে স্মৃতিচারণা করেন নাট্যজন রামেন্দু মজুমদার ও গোলাম সারোয়ার। স্মৃতিচারণা শেষে সেখানে মঞ্চস্থ হয় আবদুল্লাহ আল-মামুন রচিত নাটক চারদিকে যুদ্ধ।