মামুনের সংগ্রহ নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে ‘কীর্তিমানদের শিল্পকর্ম’ প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে ‘কীর্তিমানদের শিল্পকর্ম’ প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

খ্যাতিমান সৃজনশীল ব্যক্তিত্বের ছবি তুলতে বিশেষ পারঙ্গম ও দক্ষ আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি পরম যত্ন ও মমতায় সংগ্রহ করেছেন শিল্পী-সাহিত্যিক ও সৃজনশীল ব্যক্তিত্বদের আঁকা বিভিন্ন মাধ্যমের ছবি। দীর্ঘ আলোকচিত্রী-জীবনে তিনি বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিদের আলোকচিত্র তাঁদের যেমন উপহার দিয়েছেন, তেমনি সেইসব কৃতী ব্যক্তিত্ব তাঁকেও তাঁদের হস্তাক্ষর, চিঠিপত্র, পাণ্ডুলিপি ও চিত্রকর্ম ভালোবেসে উপহার দিয়েছেন। তাঁর ব্যক্তিগত সংগ্রহশালা থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘কীর্তিমানদের শিল্পকর্ম’ শিরোনামে প্রদর্শনী।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় ‘কীর্তিমানদের শিল্পকর্ম’ শীর্ষক ড্রয়িং প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম৷ উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্বদের সঙ্গে নাসির আলী মামুনের দীর্ঘদিনের সখ্য তাঁর সংগ্রহকে করেছে অর্থবহ এবং কালের নিরিখে তাৎপর্যপূর্ণ। তাঁর সংগ্রহ থেকে ড্রয়িংগুলো প্রদর্শনীকে করেছে বর্ণময়। প্রদর্শনীতে এমন কিছু দুর্লভ ড্রয়িং আছে, যা শিল্পমূল্যে খুবই গুরুত্ববহ। এ-ধরনের প্রদর্শনী থেকে শিল্পানুরাগী ও শিল্প-সংগ্রাহকেরা তাঁদের পছন্দের শিল্পীদের আঁকা ছবি সুলভে সংগ্রহ করতে পারবেন বলে মন্তব্য করেন।
প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা ১৩০টি। এতে কামরুল হাসান, এস এম সুলতান, কবি শামসুর রাহমান, আমিনুল ইসলাম, মুর্তজা বশীরসহ ৫৪ জন বিশিষ্ট শিল্পী ও লেখকের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে।