মায়াতে নাম ভূমিকায় নাফিজা
মায়া নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা দশের নাফিজা। নাটকের নামভূমিকায় অভিনয় প্রসঙ্গে নাফিজা বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর অনেকগুলো নাটকে অভিনয় করেছি। কিন্তু কোনো নাটকের নাম ভূমিকায় করা হয়নি, এবারই প্রথম তা করলাম। নাম মায়া। গত সপ্তাহে ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। অভিনীত চরিত্রটি প্রসঙ্গে নাফিজা বলেন, ‘আমাকে গ্রামের মধ্যবিত্ত পরিবারের সুন্দরী মেয়ে হিসেবে দেখানো হয়েছে। যার নাম মায়া। একদিন কোটি টাকা দেনমোহরে মায়ার বিয়ে হয়। এরপর মায়া গ্রামের সবার কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তারপর মায়াকে ঘিরে গ্রামে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে।’শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে নাফিজা বলেন, ‘মায়া নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আমি খুবই আনন্দিত। পুরো নাটকে মায়া চরিত্রের অনেক উত্থান-পতন আছে। বেশ পরিশ্রমও করতে হচ্ছে। এরই মধ্যে পাঁচদিন নাটকটির শুটিং করেছি। অসাধারণ অভিজ্ঞতা।’এদিকে কথাপ্রসঙ্গে নাফিজা জানিয়েছেন, আজ শনিবার উত্তরার একটি শুটিং-বাড়িতে আরেকটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় নাটকটির নাম ইডিয়টস। ইডিয়টস নাটকটি প্রচারিত হচ্ছে চ্যানেল নাইনে।