মায়ানগরের জন্য থাইল্যান্ড যাচ্ছেন রুহি

‘সংগ্রাম-দ্য মুভি’ ছবির শুটিং শেষে মাত্র কদিন আগেই দেশে ফিরেছেন আলোচিত র্যাম্প মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমীন রুহি। অল্প কয়েক দিনের বিশ্রাম শেষে রুহি এবার থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ইসমত আরা শান্তি পরিচালিত ‘মায়ানগর’ ছবির শুটিংয়ের কাজে ২ অক্টোবর দুপুরের একটি ফ্লাইটে দুই সপ্তাহের জন্য ঢাকা ছাড়ছেন বলেই জানিয়েছেন রুহি।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে রুহি বলেন, ‘যুক্তরাজ্যে “সংগ্রাম-দ্য মুভি” ছবির শুটিংয়ে যাওয়ার আগে একটানা বেশ কয়েক দিন ঢাকায় “মায়ানগর” ছবির শুটিং করেছিলাম। ওই সময় ছবিটির শুটিং বেশ উপভোগ করছিলাম। ছবির গল্পটি চমত্কার। এর বেশি আপাতত আর কিছু বলা ঠিক হবে না। এখন ছবির গল্পের কারণেই আমাদের থাইল্যান্ড যেতে হচ্ছে। সেখানে গানসহ বেশ কিছু অংশের শুটিং করা হবে।’
এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মায়ানগর’ ছবিতে রুহি দেশের একজন প্রথম সারির র্যাম্প মডেল ও প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে রুহি নিপুণকে প্রশিক্ষণ দেন। নিপুণ বস্তিতে থাকেন। একদিন এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই আলোকচিত্রী নিপুণকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নিপুণকে তিনি নিয়ে যান রুহির কাছে। রুহি তাঁকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। একসময় নিপুণ দেশের জনপ্রিয় মডেল হিসেবে প্রতিষ্ঠা পান।
রুহির প্রথম ছবির নাম ‘সংগ্রাম-দ্য মুভি’। ছবিটি নির্মাণ করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলী। ‘মায়ানগর’ রুহির দ্বিতীয় ছবি। রুহি ছাড়া ‘মায়ানগর’ ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাচ্ছেন নিপুণসহ অন্য অভিনয়শিল্পীরাও।
রুহি জানান, সামনে কলকাতায় ‘গ্ল্যামার’ ছবির কাজ করবেন তিনি। এই ছবিতে রুহির বিপরীতে অভিনয় করবেন পরমব্রত।