মায়ের কারণে সম্পর্ক ভাঙেনি: রণবীর

দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার কারণ মা নিতু সিং নন, পরিষ্কার জানিয়েছেন রণবীর কাপুর। বরং রণবীর আর দীপিকা—দুজনই নাকি এর জন্য দায়ী।
‘মা আমাকে খুব ভালোবাসেন এবং নিজের মতো করেই থাকতে দিতে চান। তিনি দীপিকাকেও খুব পছন্দ করেন। তাই তিনি আমাদের সম্পর্ক ভাঙার কারণ নন।’ ‘আপ কি আদালত’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন রণবীর।
তবে প্রেমের সম্পর্ক না থাকলেও এখনো তাঁরা ভালো বন্ধু, এমনই বলেছেন দীপিকা। সম্প্রতি একসঙ্গে অভিনয়ও করেছেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে। এই ছবির ‘বেদতমিজ দিল’ গানটি রণবীর উৎসর্গ করেছেন তাঁর চাচা শাম্মী কাপুরকে। অনেকের মতে, চাচা আর ভাতিজার নাচের ধরনটা নাকি কাছাকাছি। তবে রণবীর বলেছেন, ‘একটা গোপন কথা বলি। শাম্মী কাপুর কিন্তু ভালো নাচিয়ে ছিলেন না। নাচের সময় কিছু ভুল মুদ্রা দেখাতেন তিনি। কিন্তু তাঁর অভিব্যক্তি চমৎকার ছিল। আর এখানেই তাঁর মাহাত্ম্য। আমি কখনোই তাঁকে অনুকরণ করার চেষ্টা করিনি।’ পিটিআই।