মারপিট বারণ সালমানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা সালমান খান স্নায়বিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তাঁর এ সমস্যাটি বেড়ে যাওয়ায় ছবির শুটিংয়ে যেকোনো ধরনের অ্যাকশন-দৃশ্যে অংশ নেওয়া থেকে তাঁকে বিরত থাকতে বলেছেন চিকিত্সকেরা।এ প্রসঙ্গে সালমানের ঘনিষ্ঠ এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘মামুলি অ্যাকশন-দৃশ্যও সালমানের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। দুর্ঘটনাবশত যদি তাঁর মুখমণ্ডলে আঘাত লাগে, তবে আবারও তীব্র চোয়ালের ব্যথায় ভুগতে পারেন তিনি। এ কারণে তাঁর পরবর্তী তিনটি ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, যতটা সম্ভব নিরাপদে রাখা হবে তাঁকে।’বেশ কিছুদিন আগেই আরবাজ খানের ‘দাবাং ২’, সোহেল খানের ‘শের খান’ এবং শিরীষ কুন্দারের ‘কিক’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সালমান। এই তিনটি ছবিই অ্যাকশন-ঘরানার। ছবিগুলোতে যথেষ্ট ঝুঁকিপূর্ণ দৃশ্য রয়েছে।অ্যাকশন-দৃশ্যের চেয়ে সালমানের শারীরিক সুস্থতার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। এ জন্য এরই মধ্যে বিকল্প ব্যবস্থা করেছেন তাঁরা। ‘শের খান’ এবং ‘কিক’ ছবির জন্য লস অ্যাঞ্জেলেস ও হংকং থেকে স্টান্ট দৃশ্যের পরিচালক এবং সালমানের স্টান্টম্যান ভাড়া করা হয়েছে।সম্প্রতি ‘দাবাং ২’ ছবির সেটে আগুন লেগে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন সালমানের স্টান্টম্যান হিসেবে শুটিং করছিলেন। এ দুর্ঘটনায় প্রচণ্ড মর্মাহত হয়েছেন সালমান। দুর্ঘটনার পর সালমান নিজেই অ্যাকশন-দৃশ্য করার জন্য অনড় অবস্থান নেন। কিন্তু তাঁর ভাই আরবাজ অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাঁকে অ্যাকশন-দৃশ্য থেকে বিরত রাখার চেষ্টা করছেন। এমনকি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিংয়ের সময় ছবির সেটেও সালমানকে রাখতে চাচ্ছেন না আরবাজ।