মারুফের বিরুদ্ধে সাহারার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়িকা সাহারার বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের প্রহার করার অভিযোগ উঠেছে মারুফের বিরুদ্ধে। সাহারার পক্ষে তাঁর বোনের স্বামী শামীম এ অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত দুইটায় পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (নম্বর ২০৩১/১১)। জানা গেছে, ঘটনার সময় সাহারা বাসার বাইরে ছিলেন।এ ব্যাপারে সাহারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ মারুফ বাসায় গিয়ে তাঁর মা, বোন ও ভাইয়ের ওপর হামলা চালান। মারুফ তাঁদের মারধর করেন। এ ঘটনার ব্যাপারে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ছবির শিডিউল-সংক্রান্ত ব্যাপারে কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। প্রসঙ্গত, মারুফ ও সাহারা একসঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ব্যক্তিগত কোনো বিষয় এ ঝামেলার কারণ হতে পারে।