মার্ক লেস্টারের সাক্ষাত্প্রার্থী ‘কৌতূহলী’ প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাকসন-কন্যা প্যারিসের প্রকৃত বাবা হিসেবে নিজেকে দাবি করেছিলেন পপ কিং প্রয়াত মাইকেল জ্যাকসনের ঘনিষ্ঠ বন্ধু ও ব্রিটিশ অভিনেতা মার্ক লেস্টার। সম্প্রতি ৫৪ বছর বয়সী এ তারকার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে প্যারিস।এ প্রসঙ্গে জ্যাকসন পরিবারের কাছের এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে ‘মিরর’ জানিয়েছে, প্যারিসের হূদয়ে বাবা হিসেবে জ্যাকসনের যে স্থান, সেখানে কখনোই কেউ বসতে পারবেন না। স্রেফ কৌতূহল মেটাতেই মার্ক লেস্টারের সঙ্গে দেখা করতে চায় প্যারিস। শিগগির সে যুক্তরাজ্যে গিয়ে মার্কের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছে। জ্যাকসনের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল মার্কের। বাবা সম্পর্কে মার্কের মুখ থেকে খুঁটিনাটি নানা বিষয় জানার আগ্রহ থেকেই তাঁর সঙ্গে সময় কাটাতে চায় প্যারিস। গত মাসে প্যারিসের প্রকৃত বাবা হিসেবে নিজেকে দাবি করেন মার্ক লেস্টার। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, মাদকাসক্ত হয়ে পড়ায় জ্যাকসনের মনে ভয় ঢুকেছিল, তিনি সম্ভবত সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন না। কিন্তু বরাবরই সুস্থ, সুন্দর ও মেধাবী সন্তানের আকাঙ্ক্ষা ছিল তাঁর। এ জন্য তিনি জেনেটিক প্রকৌশলের সহায়তা নিয়েছিলেন। অন্যের কাছ থেকে উন্নত মানের শুক্রাণু সংগ্রহ করে পরীক্ষাগারে জ্যাকসনের সাবেক স্ত্রী ডেবি রোয়ের ডিম্বাণুর সঙ্গে কৃত্রিমভাবে নিষিক্ত করা হয়েছিল। এভাবেই প্যারিসকে জন্ম দেন ডেবি। জ্যাকসনকে কথা দিয়েছিলেন বলেই দীর্ঘদিন বিষয়টি চেপে রেখেছিলেন প্যারিসের মা ডেবি।২০০৯ সালে বাবাকে হারানোর পর দাদি ক্যাথরিন জ্যাকসনের সঙ্গে থাকা শুরু করেছিল প্যারিস। কবজির রগ কেটে ও ঘুমের বড়ি খেয়ে চলতি মাসের শুরুর দিকে আত্মহত্যার চেষ্টা করে ১৫ বছর বয়সী প্যারিস। এর পরিপ্রেক্ষিতে বিচারক মিশেল বেকলফ জ্যাকসন পরিবারের সদস্যদের পরিবর্তে প্যারিসের দেখভালের দায়িত্ব পালন করতে বলেছেন চিলড্রেন প্রোটেকশন সার্ভিসেস (সিপিএস) কর্তৃপক্ষকে। প্যারিসকে তার মা ৫৪ বছর বয়সী ডেবি রোর জিম্মায় দেওয়া হবে, নাকি কেয়ার হোমে পাঠানো হবে, শিগগির সে সিদ্ধান্ত নেবে সিপিএস কর্তৃপক্ষ।