১১৫ সুন্দরীকে পেছনে ফেলে এবারের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন আমেরিকান সুন্দরী আলেক্সান্দ্রিয়া মিলস। নিজের সম্পর্কে যাঁর মন্তব্য, ‘আমি ইতিবাচক, স্বতঃস্ফূর্ত, মুক্তমনা ও মানানসই এক মেয়ে।’ ১৮ বছর বয়সী আমেরিকান এই সুন্দরী সারা বিশ্বের সেরা সব সুন্দরীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন। সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের অবকাশ নগর সানিয়ায় মিস ওয়ার্ল্ড ২০১০ প্রতিযোগিতার জমকালো চূড়ান্ত রাউন্ড শেষে বিচারকমণ্ডলী বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। দর্শকভর্তি হলরুমে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে উদ্বেলিত আলেক্সান্দ্রিয়া আবেগতাড়িত হয়ে ওঠেন। এরপর বিদায়ী মিস ওয়ার্ল্ড কিয়ান আলদোরিনো নতুন বিশ্বসুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬০ বছর পূর্তি উপলক্ষে আলেক্সান্দ্রিয়াকে একটি হীরার সিংহাসনে বসানো হয়। পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা শ্বেতাঙ্গিনী আলেক্সান্দ্রিয়া মিলস একজন পেশাদার মডেল। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন বতসোয়ানার সুন্দরী এমা ওয়ারিস ও দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার আদ্রিয়ানা ভ্যাসিনি। মিলস নিজ দেশের দ্বিতীয় বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯০ সালে জিনা টলেসনের পর মিলস এ মুকুট জয় করলেন। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে জন্ম মিলসের। ভবিষ্যতে শিক্ষকতা পেশায় জড়িত হতে আগ্রহী মিলস অনেক দিন ধরেই মডেলিং করে যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ১৯৫৩ সালের মিস ওয়ার্ল্ড ডেনিস পেরিয়ার ল্যানফ্রানশিসহ সাতজন। দুই হাজার আসনের বিউটি ক্রাউন থিয়েটারে রং ছড়ানো অনুষ্ঠানে ১১৫ সুন্দরীর মধ্যে বিজয়ী মিলস মডেলিংয়ের পাশাপাশি সেবামূলক কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে পছন্দ করলেও রহস্যময়ী কারও সঙ্গে মেশা হয়নি মিলসের। সেটা তিনি চান না বলেও জানান। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। নিজের কাজের মাধ্যমে আর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে মিশে সেবামূলক কাজের পাশাপাশি নিজেকে তুলে ধরতে আগ্রহী মিলস এগিয়ে যেতে চান সামনের দিকে, নতুন স্বপ্ন নিয়ে। এ পথচলায় ভালো কাজের মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস তাঁর।নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট