শাহীন সামাদ, কেমন আছেন?ভালো। খুব ব্যস্ত। মার্চ আর ডিসেম্বর মাসে ব্যস্ততা অনেক বেড়ে যায়। ফেব্রুয়ারি মাসেও ব্যস্ততা থাকে। তবে ততটা না।আজ মার্চ মাস শুরু হচ্ছে।আজ সকালে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান করব। আর রাতে গান করব দেশ টিভিতে, ‘কল-এর গান’ অনুষ্ঠানে। দুটি অনুষ্ঠানই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তবে কল-এর গান অনুষ্ঠানে আমার সঙ্গে আরও গান করবেন তিমির নন্দী। ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল আর রেডিওতে গান গাওয়ার জন্য এরই মধ্যে কথা হয়েছে।কোন রেডিওতে?বাংলাদেশ বেতারে। রেডিওতে আমি যখন গান শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল ১০ বছর। আর ওই অনুষ্ঠানের নাম ছিল ‘খেলাঘর’। একসময় রেডিওর গান ছিল অন্যতম বিনোদন। এখন তো মানুষ নানাভাবে বিনোদন পাচ্ছে। রেডিওর গান আর আগের মতো শোনা হয় না। কত দিন পর রেডিওতে গান গাইবেন?মাঝেমধ্যেই যাই। মাস দুয়েক আগেই রেডিওতে গান গেয়েছিলাম। এবার গান করব ট্রান্সক্রিপশন সার্ভিসে। এসব অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও গান গেয়েছি। ওই সময় কলকাতার টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওতে সমর দাসের পরিচালনায় ১৪টি গান আমরা রেকর্ড করেছিলাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গানগুলো প্রচার করা হতো। আরও অনেক গান আছে। ওই গানগুলোও করব। স্বাধীনতা আর বিজয়ের মাসেই এই গানগুলো বেশি শোনা যায়।এখন কিন্তু চিত্রটা পাল্টেছে। এখন যেকোনো উপলক্ষেই মুক্তিযুদ্ধের সময়ে গাওয়া গানগুলো গাওয়া হয়, কিছু কিছু অনুষ্ঠানে ওই সময়ের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের সেই গানগুলো আর হারিয়ে যাবে না। নতুন প্রজন্মই এই গানগুলো পরের প্রজন্মের কাছে পৌঁছে দেবে।