মার্চে মঞ্চে ফিরব: মিলন
‘টিভি নাটকের ব্যস্ততার জন্য মঞ্চে অনেক দিন কাজ করা হয়নি। তবে মঞ্চ আমাকে সব সময় আকর্ষণ করে। মার্চে আমাদের নাট্যদল দেশ নাটকের উৎসব শুরু হবে। এ উৎসব দিয়েই মঞ্চে ফিরব।’ বলছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা আনিসুর রহমান মিলন। মঞ্চে ফেরার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। অল্প কিছুদিনের মধ্যে নাটকের মহড়ায়ও অংশ নেবেন বলে জানা গেছে। মিলন এও জানান, অনেক দিন মঞ্চে ফেরার চেষ্টা করেও হচ্ছিল না। অবশেষে সময়টা প্রায় চলেই এসেছে। মঞ্চে ফেরার জন্য টিভি নাটকের কাজ মিলন কিছুটা কমিয়েও দিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘মঞ্চ নাটকের জন্য অনুশীলনের প্রয়োজন রয়েছে। অনেক দিন পর ফিরব তো, তাই প্রস্তুতিরও একটা ব্যাপার আছে বলে মনে করছি।’তবে বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে চলছে মিলনের প্রায় অর্ধডজন ধারাবাহিক নাটক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘এয়ারকম’, ‘রুমালী’ ও ‘অগ্নিরথ’। খুব শিগগিরই শুরু হবে কায়সার আহমেদ, সকাল আহমেদ, হাবিব মাসুদ, চয়নিকা চৌধুরী নতুন কয়েকটি নাটকের কাজ।