মার্চে মুক্তি পাবে 'মুসাফির'

গত বছরের প্রথমদিকে শুরু হয়েছিল ‘মুসাফির’ চলচ্চিত্রের নির্মাণ কাজ। বছরের শেষ দিকে এসে জমা দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে। গত সপ্তাহে বিনা কর্তনে মিলল সিনেমাটির সেন্সর ছাড়পত্র। এখন অপেক্ষা মুক্তির, সেটাও সময়ের।
মুসাফির নির্মাণ করেছেন তরুণ পরিচালক আশিকুর রহমান। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নবাগত অভিনেত্রী মারজান জেনিফা, মিশা সওদাগরসহ অনেকেই।
সেন্সর ছাড়পত্র পাওয়ার পর পরিচালক জানালেন, ‘প্রাথমিকভাবে আগামী মার্চে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটা তারিখও নেওয়া আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন সময় লাগবে।’
মুসাফির সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বললেন, ‘এক জেল ফেরত আসামিকে দায়িত্ব দেওয়া হয় এক চিকিৎসক খুন করার। কিন্তু খুন করতে গিয়ে নিজেই প্রেমে পড়ে যায়। খুনির চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ এবং চিকিৎসকের চরিত্রে মারজান জেনিফা।’
‘মুসাফির’ ছবির শুটিং হয়েছে বাংলাদেশের ঢাকা, কক্সবাজার, রাঙামাটিসহ বিভিন্ন লোকেশনে।
আশিকুর রহমান এর আগে ‘কিস্তিমাত’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবি দুটি নির্মাণ করেছেন।
