মার্চে সিডনিতে 'বাংলা মা আমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলা মা আমার’ অনুষ্ঠানের পোস্টার
‘বাংলা মা আমার’ অনুষ্ঠানের পোস্টার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার সিডনিতে এই মার্চে আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলা মা আমার’ নামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। ৫ মার্চ শনিবার সিডনির ক্যাম্পসি ওরিয়ন রিসেপশন সেন্টারে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে রাত ১১টা পর্যন্ত।

বাংলাদেশ থেকে এ উপলক্ষে শিগগিরই অস্ট্রেলিয়ার সিডনিতে যাচ্ছেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শিসহ এ অনুষ্ঠানে আরও অংশ নেবেন মাসরীন বনি।

এই আয়োজনে অংশ নেবেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম, কাজী উজ্জ্বল, আনিসুর রহমান মিলন, শাহরিয়ার নাজিম জয়, অহনা, নাজিরা ও মৌ। অনুষ্ঠানে জনপ্রিয় ও প্রথিতযশা নাট্যকার ও পরিচালক মোহন খান ছাড়াও থাকবেন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পী রাজীব ও মিঠু।

‘বাংলা মা আমার’ অনুষ্ঠানটিতে নাচ, গান ও অভিনয়ের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সুমাইয়া সাকী।

‘বাংলা মা আমার’ অনুষ্ঠানটির সংগঠক জিনাত হাকিম জানিয়েছেন, সিডনির জনপ্রিয় ব্যান্ড এইট নোটস-এর গানের আয়োজনটি এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।’

জিনাত হাকিম এ-ও জানিয়েছেন, ‘বাংলা মা আমার’ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন তিনি। জিনাত বলেন, ‘বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি এই অনুষ্ঠানটির সহযোগী ব্যবস্থাপনায় রয়েছে।’

তিনি বলেন, এডুকেশন ইন অস্ট্রেলিয়া ও কুকাবুরা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের সহযোগিতায় এখন এ অনুষ্ঠানের পরিকল্পনা ও সম্পাদনার কাজ এগিয়ে চলছে।


জিনাত হাকিম আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাঙালিরা অনলাইনে এ অনুষ্ঠানের টিকিট পাবেন DeshiEvents.com.au এই ওয়েবসাইটে। এ ছাড়া অনুষ্ঠানের দিন ভেনুগেটেও টিকিট পাওয়া যাবে।