সাত বছর আগে হলিউডের আনফেইথফুল ছবির কপি পেস্ট করে প্রযোজক মুকেশ-মহেশ ভাট নির্মাণ করেছিলেন মার্ডার। তৎকালীন ‘এক্সট্রা’ রিমা লাম্বাকে মল্লিকা শেরওয়াত নাম দিয়ে, ভাতিজা এমরান হাশমিকে অ্যান্টি হিরো এবং আমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেলকে নায়ক করে ভাটরা ছক্কা পিটিয়েছিলেন মার্ডার নির্মাণ করে। মাত্র পাঁচ কোটি রুপির ছবি সে সময় ব্যবসা করেছিল প্রায় ৩০ কোটি। সুপারহিট টিভি সিরিয়াল তারার পরিচালক অনুরাগ বসু পরিচালিত মার্ডার বদলে দিয়েছিল বলিউডের অনেক হিসাব-নিকাশ। সেই আলোচিত ছবি যদি নতুন মোড়কে, নতুন সাজে দর্শকের সামনে সাত বছর পর হাজির হয়, উত্তেজনার উত্তাপ তো একটু বেশি হবেই। গত মাসে মার্ডার ছবির বহুল আলোচিত সিকুয়াল মার্ডার ২ মুক্তি দেন মহেশ-মুকেশ ভাট। শেষ খবর পাওয়া পর্যন্ত, মার্ডার ২ ভাটদের প্রযোজনা ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় সবার ওপরে জ্বলজ্বল করে জ্বলছে। তবে বিতর্কও পাল্লা দিয়ে চলছে বেশ। মার্ডার ২ অনেক দর্শকের বিনোদন জুগিয়েছে ঠিক, কিন্তু অনেকেই এখনো গবেষণা করে বের করতে পারছেন না কেন এই ছবির নাম মার্ডার ২? ছবির পরিচালক বদলেছে, অনুরাগ বসুর চেয়ারে বসেছেন মোহিত সুরি। সংগীত পরিচালনায় আনু মালিক বাদ। তাঁর আসনে হর্ষিত, সংগীত, সিদ্ধার্থ, মিঠুন। নায়িকা মল্লিকা শেরওয়াতকেও নতুন ছবিতে বাদ দেওয়া হয়েছে। কারণ মার্ডার-এ তিনি ছিলেন ব্যাংককে বসবাসরত এক গৃহবধূ। মার্ডার ২-এর গল্পে নায়িকা পুরুষদের ম্যাগাজিনের আলোচিত মডেল। সুতরাং তাকে অবশ্যই তরুণী হতে হবে। সাত বছর আগের মল্লিকা শেরাওয়াত স্বভাবতই বাদ পড়েন, নতুন সংযুক্তি মিস শ্রীলঙ্কা জ্যাকলিন ফার্নান্দেজ। মার্ডার-এর প্লট ছিল ব্যাংকক। মার্ডার ২-এর পুরো শুটিংটাই হয়েছে গোয়াতে। তবে প্রধান তিন চরিত্রের নাম এবারও সিমরান, সুধীর, সানি। মার্ডার যদি হয় মল্লিকা শেরাওয়াতের ছবি, মার্ডার ২-এর কেন্দ্রবিন্দু এমরান হাশমি। পরিচালক মোহিত সুরি অবশ্য বলেছেন, মার্ডার ২-কে মার্ডার-এর সিকুয়াল না বলে মার্ডার সিরিজের নতুন একটি ছবি বললেই ভালো হবে। কারণ, দুটি ছবির মধ্যে একটি জায়গাতেই মিল—প্রাপ্তবয়স্কদের জন্য হত্যারহস্য নিয়ে শ্রুতিমধুর গানের ছবি মার্ডার।মার্ডার ২ এতটাই প্রাপ্তবয়স্কদের ভেবে নির্মাণ করা হয়েছে যে, সেন্সর বোর্ড ‘ইউনিভার্সাল সার্টিফিকেট’ প্রদান থেকে বিরত থেকেছে। যে কারণে ছোট পর্দায় ছবির অনেক দৃশ্য, সংলাপ, গানের অংশ প্রচার করতে পারেননি ভাটরা। এমনকি ইয়ানা গুপ্তকে দিয়ে করা ‘আ জারা’ গানটিও কোনো চ্যানেলে প্রচারের অনুমতি মেলেনি। জ্যাকলিনের করা অন্য গান থেকে টুকলি নিয়েই কাজ চালাতে হয়েছে তাঁদের। আলাদিন, জানে কাহা সে আয়ি হ্যায় ছবির ব্যর্থ নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজের জন্য মার্ডার ২ ছিল অনেক বড় জ্যাকপট। তিন বছর আগে যেদিন তিনি প্রথম বলিউডে পা রেখেছিলেন, সেদিনই বুঝে গিয়েছিলেন ধৈর্য ছাড়া গতি নেই। মহেশ-মুকেশ ভাটরা দুই বছর আগেই জ্যাকলিনকে কথা দিয়েছিলেন, তাঁর উপযোগী কোনো ছবিতে অবশ্যই নেবেন। একটি ছবিতে কাজ করার কথাও এগিয়েছিল, কিন্তু ভাগ্যের দোষে কাজটি হাতছাড়া হয়ে যায়। গত বছরের আগস্টে একদিন হঠাৎ করেই ভাটদের অফিসে ডাক পড়ে তাঁর। জ্যাক ভাবেন, হয়তো পুরোনো ছবিটাতেই এবার কাজ করতে হবে। কিন্তু জ্যাককে অবাক করে ভাটরা তাঁকে মার্ডার ২-এর প্রস্তাব দিয়ে বসেন। অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসে কজন নায়িকার ঘুম হারাম করলেন? ‘এ প্রশ্ন কেন?’—নিজস্ব যুক্তির ডালা মেলে ধরেন জ্যাকলিন, ‘ক্যাটরিনা কাইফ, ইয়ানা গুপ্ত এমনকি মনীষা কৈরালারাও কি ভিনদেশি ছিলেন না? তা ছাড়া হলিউডেই দেখুন। সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত দুই নায়িকা নিকোল কিডম্যান (অস্ট্রেলিয়া), পেনেলোপি ক্রুজও (স্পেন) কিন্তু তাঁদের জন্য ভিনদেশি।’ ইদানীং হাউসফুল পরিচালক সাজিদ খানের সঙ্গে জ্যাকলিনের প্রেমের খবর হাওয়ায় ভাসছে। অক্ষয়, রীতেশ, জনরা নাকি তাঁকে ‘ভাবি’ বলেও সম্বোধন করছেন। এ প্রসঙ্গে জ্যাকলিন লাজুক হাসি ছড়িয়ে জানান দিলেন, ঘটনা সত্যি! যদিও মার্ডার ২ ছবির শুটিংয়ে এমরান হাশমির সঙ্গে তাঁর চমৎকার রসায়ন নিয়েও কথা হয়েছে বেশ। হয়তো এ কারণেই ভাটরা রাজ ৩ ছবিতেও দুজনকে চুক্তিবদ্ধ করেছেন। মার্ডার ৩ ছবিতেও দুজনের একসঙ্গে কাজ করার কথা হচ্ছে। সব মিলিয়ে মার্ডার ২ সুপারহিট হওয়ার সঙ্গে সঙ্গে এমরান-জ্যাকলিন জুটিও দ্যুতি ছড়াচ্ছে বলিউডে। রুম্মান রশীদ খানসূত্র: ওয়েবসাইট